ভৈরবে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে অপরাধী চক্রের সদস্যদের কথিত বন্দুকযুদ্ধে সোহাগ মিয়া (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে ঢাকা-সিলেট মহাসড়কে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত সোহাগের বিরুদ্ধে ভৈরব থানায় ডাকাতি ও পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে সাতটি মামলা রয়েছে। তিনি একজন ‘চিহ্নিত ছিনতাইকারী’। গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সড়ক সেতু এলাকায় অপরাধীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পায় পুলিশ। তাঁদের ধাওয়া করলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। আধঘণ্টা ধরে চলা বন্দুকযুদ্ধে সোহাগ নিহত এবং পুলিশের দুই সদস্য আহত হন।
বন্দুকযুদ্ধে আহত ভৈরব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাবিবুল্লাহ ও কনস্টেবল আবদুল ওহাবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আরিফ নামের এক কনস্টেবল নিহত হন। আরিফ ব্রিজঘাট পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। ওই ঘটনায় ফারুক মিয়া নামের এক যুবককে আটক করেছিল পুলিশ। ফারুক গত মঙ্গলবার কিশোরগঞ্জ আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কনস্টেবল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তিনি বলেন, আরিফকে ছুরিকাঘাত করেন সোহাগ। ছিনতাইয়ে বাধা দেওয়ায় আরিফকে ছুরিকাঘাত করা হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান বলেন, ফারুক ও সোহাগ চিহ্নিত ছিনতাইকারী। ঘটনাস্থল থেকে একটি চাপাতি, একটি পাইপগান, একটি ছুরি, একটি রামদা ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নবী হোসেন বলেন, সোহাগকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পুলিশের দুই সদস্য বর্তমানে চিকিৎসাধীন। তাঁরা পায়ে এবং পিঠে আঘাত পেয়েছেন।