ভৈরবে বিস্ফোরণে চার শিশু আহত
কিশোরগঞ্জের ভৈরবে ককটেল বিস্ফোরণে চার শিশু আহত হয়েছে। গতকাল রোববার বিকেলে পৌর শহরের ঘোড়াকান্দা মহল্লায় খেলার সময় শিশুরা দুর্ঘটনার শিকার হয়।
আহত চার শিশু হচ্ছে ঘোড়াকান্দা মহল্লার আক্কাছ আলীর ছেলে হৃদয় মিয়া (৮) ও মেয়ে মারুফা বেগম (৭) এবং একই এলাকার খলিল মিয়া মেয়ে সুরমা বেগম (৭) ও জাকির মিয়ার ছেলে আরশ মিয়া (২)। তাদের প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় আরশ ছাড়া বাকি তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, এদের মধ্যে হৃদয় ও মারুফা স্থানীয় জব্বার জুট প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। হৃদয় মিয়ার ডান হাতের পাঁচ আঙুলসহ কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হৃদয় মিয়া জানায়, বেলা সাড়ে তিনটার দিকে তারা বালুর মাঠে খেলছিল। এ সময় তার এক সহপাঠী একটি কৌটা এনে তার হাতে দেয়। কৌটা খোলার চেষ্টা করতেই এটি বিস্ফোরিত হয়।
হৃদয়ের বাবা আক্কাছ আলী জানান, গতকাল বিকেলে মহল্লার শিশুরা বালুর মাঠেই খেলছিল। মহল্লার কারও সঙ্গে তাঁর শত্রুতা নেই। তাঁর ধারণা, কুড়িয়ে পাওয়া বস্তু নিয়ে খেলতে গিয়ে তাঁর ছেলেমেয়েসহ চার শিশু আহত হয়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসা কর্মকর্তা কামাল আহমেদ বলেন, চার শিশুর অবস্থা গুরুতর। এর মধ্যে হৃদয়ের হাতের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার বলেন, মাঠের পাশেই ময়লার স্তূপ আছে। সেখান থেকে শিশুরা ককটেল কুড়িয়ে এনে খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।