ভৈরবে ব্যবসায়ী খুন, প্রতিবেশী গ্রেপ্তার
কিশোরগঞ্জের ভৈরবে সবুজ মিয়া (২৬) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাঁর প্রতিবেশী রাব্বী মিয়াকে গ্রেপ্তার করেছে।
সবুজ মিয়ার বাড়ি ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া মহল্লায়। রাব্বী মিয়াও (২৯) ওই এলাকার বাসিন্দা। সবুজের ভৈরব বাসস্ট্যান্ডে ফোন-ফ্যাক্সের দোকান ছিল। রাব্বী ব্যাটারিচালিত অটোরিকশার চালক।
পুলিশ ও এলাকাবাসী জানান, সবুজের সঙ্গে রাব্বীর স্ত্রীর অনৈতিক সম্পর্ক ছিল। এই নিয়ে তাঁদের দুজনের মধ্যে প্রায়ই বিবাদ হতো। গত বুধবার সন্ধ্যায় দুজনের মধ্যে একই ইস্যুতে কথা-কাটাকাটি হয়। সবুজ গতকাল ভোর চারটার দিকে রাব্বীর বাড়ির কাছে যান। এ সময় তাঁদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে রাব্বী কোমর থেকে ছুরি বের করে সবুজকে আঘাত করে পালিয়ে যান। এতে সবুজ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। সকাল সাড়ে ১০টার দিকে থানার সামনে ঘোরাঘুরি করার সময় পুলিশ রাব্বীকে গ্রেপ্তার করে।
থানা হেফাজতে রাব্বী বলেন, ‘সবুজ আমার বউকে ডিস্ট্রার্ব করত। রাতে আমার বাসার দরজায় টোকার শব্দ পাই। তখন আমি ছুরি নিয়ে ঘর থেকে বের হয়ে সবুজকে দেখতে পাই।’
সহকারী পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) মৃত্যুঞ্জয় দে দাবি করেন, রাব্বী পুলিশের কাছে সবুজকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় সবুজের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।