ভৈরবে ব্রহ্মপুত্র ভরাট করছেন আ.লীগ নেতা
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের একটি অংশ ভরাট করছেন সুজন মিয়া নামের আওয়ামী লীগের একজন নেতা। এই ভরাটের ফলে নদটি সংকুচিত হওয়াসহ স্বাভাবিক গতিপ্রবাহে বাধার সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয় লোকজন।
ভৈরব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সুজন মিয়া ব্রহ্মপুত্রের অংশ ভরাট করার কথা স্বীকার করেছেন। ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় স্থানীয় লোকজন তাঁর এই কাজের প্রতিবাদ করতে পারছেন না।
মুক্তিযোদ্ধা তালাওয়াত হোসেন ভরাট স্থানের লাগোয়া বাড়ির বাসিন্দা। তিনি বলেন, একটি নদ-নদী কীভাবে মানুষের জীবনমানকে
সমৃদ্ধ করতে পারে, ভৈরব তার জীবন্ত উদাহরণ। সারা দেশে ভৈরবের আলাদা পরিচিতি, তাও ব্রহ্মপুত্রের কল্যাণেই। কিন্তু চোখের সামনে ব্রহ্মপুত্র ভরাট হতে চললেও বাধা দেওয়ার কেউ নেই।
সম্প্রতি ভরাট করা স্থানে গিয়ে দেখা যায়, খননযন্ত্র দিয়ে বালু ফেলা হচ্ছে। অন্তত ২৫ জন শ্রমিক বালু তুলে ভরাটের কাজ এগিয়ে নিচ্ছেন। স্থানীয় ব্যক্তিরা জানান, সমতল ভূমি জাগিয়ে বিক্রির জন্যই সুজন এক মাস আগে এই ভরাটকাজ শুরু করেন।
ভরাটস্থলেই কথা হয় সুজন মিয়ার সঙ্গে। জানতে চাইলে প্রথমে তিনি বিব্রতবোধ করেন। পরে বলেন, ‘আমি যে জায়গাটি ভরাট করছি, সেটি বোরো জমি।’ একপর্যায়ে তিনি স্বীকার করেন, নদ ভরাট করাটা মোটেও ঠিক হচ্ছে না তাঁর। ভরাটের আগে প্রশাসনেরও কোনো অনুমতি নেননি বলে জানান তিনি।
চোখের সামনে নদ ভরাট করে চললেও জনপ্রতিনিধি হয়ে প্রতিকারে কোনো উদ্যোগ না নেওয়ার কারণ জানতে চাইলে ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম বলেন, ‘ইউএনওর কাছে গিয়ে ভরাট বন্ধের জন্য সহযোগিতা চাইব।’
নদ ভরাটের বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বিস্মিত হন। তিনি জানান, দ্রুত প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে।