ভৈরবে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ
কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় হেদায়েত উল্লাহ (১৫) নামে এক পাদুকা শ্রমিকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এই ঘটনা ঘটে।
হেদায়েত উল্লাহ ভৈরব উপজেলার আতকাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। সে পাদুকা তৈরির স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।
নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানায়, কয়েক দিন আগে হেদায়েত উল্লাহর একটি পা ফুলে যায়। পা ফোলার চিকিৎসা করাতে পরিবারের সদস্যরা সোমবার বিকেলে তাঁকে ভৈরব পৌর শহরের নিউ টাউন এলাকায় অবস্থিত মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের কথা বলেন। রাত সাড়ে নয়টার দিকে অস্ত্রোপচার করা হয়। একপর্যায়ে তাঁদের জানানো হয়, রোগীর অবস্থা ভালো নয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই একটি অ্যাম্বুলেন্স এনে হেদায়েতকে সেটিতে তুলে দিয়ে ঢাকায় নিয়ে যেতে বলেন। তখন তাঁরা বুঝতে পারেন হেদায়েত মারা গেছে। পরে তাঁরা লাশ নিয়ে থানায় যান এবং সুষ্ঠু বিচার দাবি করেন।
হেদায়েতের বাবা শামসুল হক অভিযোগ করেন, ‘পা ফোলা ছাড়া আমার ছেলের আর কোনো সমস্যা ছিল না। আমরা প্রায় নিশ্চিত, অপারেশন করার সময় ডাক্তারদের কোনো ভুলে আমার ছেলের মৃত্যু হয়েছে।’
অভিযোগ অস্বীকার করে হাসপাতালটির চেয়ারম্যান ডা. বুলবুল আহমেদ বলেন, রোগীর ডান পায়ে ইনফেকশন হয়ে গিয়েছিল। তাই অস্ত্রোপচারে ঝুঁকির বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছিল। পরে লিখিত অনুমতি নিয়ে অস্ত্রোপচার করা হয়। তিনি আরও দাবি করেন, বিশেষজ্ঞ সার্জন মাহফুজুর রহমান ও অবেদনবিদ তৌহিদুল ইসলামের তত্ত্বাবধানে অস্ত্রোপচার করা হয়েছিল। হঠাৎ করে রোগীর অবস্থা খারাপ হলে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু রোগীর সঙ্গের লোকজন অবহেলা করেন। মূলত স্বজনদের অবহেলায় হেদায়েতের মৃত্যু হয়েছে।