ভৈরবে মেয়রসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার মেয়র মো. শাহিনসহ ১৪ জনের বিরুদ্ধে গতকাল সোমবার মামলা হয়েছে। বাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে কাজী আবুল খায়ের নামের স্থানীয় এক বাসিন্দা এ মামলাটি করেছেন।
আবুল খায়ের পৌর শহরের কালিপুর মহল্লার বাসিন্দা।
মামলার এজাহারে আবুল খায়ের উল্লেখ করেন, কালিপুর মহল্লায় ৮ শতাংশ ভূমির ওপর তাঁর একটি বাড়ি আছে। দেড় বছর আগে মেয়র তাঁর কাছে বাড়িটি কেনার প্রস্তাব পাঠান। কিন্তু তিনি ওই প্রস্তাবে রাজি হননি। এ কারণে গত বৃহস্পতিবার সকালে মেয়র দলবল নিয়ে তাঁর বাড়িতে হামলা চালান এবং ভাঙচুর করেন। হামলাকারীরা ঘরে ঢুকে তাঁদের টাকা ও ৪৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যান। হামলায় তাঁর ছেলে কাজী আবুল হোসেন ও চাচাতো ভাই মো. শহীদুল্লাহ আহত হন। হামলাকারীরা নারী সদস্যদেরও লাঞ্ছিত করেন। হামলায় তাঁর প্রায় ২৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মেয়র বাদে মামলার বাকি আসামিরা হলেন কালিপুর মহল্লার আরশ আলী, রাশিদ মিয়া, আজাদ মিয়া, আনার মিয়া, নাজির হোসেন, জসিম মাস্টার, হোসেন মিয়া, সিদ্দিক মিয়া, মো. সুমন, বাবুল মিয়া, সেন্টু মিয়া, মো. আলম ও মো. ফারুক।
পৌরসভা সূত্রে জানা গেছে, আবুল খায়েরের বাড়ির কিছু অংশ (সাত ফুট) কালিপুর মহল্লার সড়কের মধ্যে চলে গেছে। ফলে ওই সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে যানবাহনসহ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। তাই মেয়র ভবনটি ভেঙে সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছেন।
মেয়র মো. শাহিন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথমত ভবনটির কোনো অনুমোদন নেই। দ্বিতীয়ত সড়ক দখল করে সেটি নির্মাণ করা হয়েছে। ভবন সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে একাধিক চিঠি দিয়েও সাড়া পাওয়া যায়নি। তাই তাঁরা গত বৃহস্পতিবার এ বিষয়ে কথা বলতে আবুল খায়েরের বাসায় গিয়েছিলেন। তবে কোনো ভাঙচুর চালানো হয়নি।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবু তাহের বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখতে পেলাম ভবনটির একাংশ ভাঙা। ভবনের কারণে সড়কটি সরু হয়ে পড়ার বিষয়টি চোখে পড়েছে।