ভৈরবে শিক্ষককে পেটালেন তিন সহকর্মী
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মুর্শিদ-মুজিব উচ্চবিদ্যালয়ে এক জ্যেষ্ঠ শিক্ষককে তাঁরই তিন সহকর্মী পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষকের নাম সঞ্জীবুর রহমান ভূঁইয়া। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ বলেন, আহত শিক্ষকের মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে।
সঞ্জীবুর রহমান বলেন, প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক খিজির মো. মুরাদ ও হিসাবরক্ষক রবিন মিয়া তাঁকে লাঠি দিয়ে পেটান এবং হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে যায় ও শরীর জখম হয়। তিনি আরও বলেন, এর আগে তাঁকে ষড়যন্ত্র করে বরখাস্ত করা হয়েছিল। এখন পিটিয়ে স্কুলছাড়া করার চেষ্টা করা হচ্ছে।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, সঞ্জীবুর রহমানই প্রথমে তাঁর মাথায় ঘুষি ও গালে কয়েকটি থাপড় মারেন।
শিক্ষক ও শিক্ষার্থী সূত্র জানায়, বিদ্যালয়ে প্রভাব বিস্তারের জের ধরে প্রায় দেড় বছর আগে সঞ্জীবুরের বিরুদ্ধে প্রধান শিক্ষক অর্থ আত্মসাতের অভিযোগ আনেন। এ পরিপ্রেক্ষিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ২০১৪ সালের ২৩ জুলাই সঞ্জীবুরকে সাময়িক বরখাস্ত করে। পরে জেলা প্রশাসন, জেলা শিক্ষা কার্যালয় ও শিক্ষা বোর্ড ওই অভিযোগের পৃথক তদন্ত করে। সঞ্জীবুর গত অক্টোবরে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, হিসাবরক্ষক, সহকারী শিক্ষক মো. শাহজাহান ও হিরণ মিয়ার বিরুদ্ধে কিশোরগঞ্জ আদালতে চাঁদাবাজির মামলা করেন। তিনটি তদন্ত দলের প্রতিবেদনের ভিত্তিতে সঞ্জীবুরের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে শিক্ষা বোর্ড। এ বিষয়ে গত ১৭ জানুয়ারি বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এ টি এম মইনুল হোসেন চিঠি দেন।
গতকাল সকাল ১০টার দিকে সঞ্জীবুর ওই চিঠির অনুলিপি নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে যান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি প্রধান শিক্ষককে অনুরোধ করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। সঞ্জীবুরকে প্রধান শিক্ষক তাঁর কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। এ সময় সহকারী প্রধান শিক্ষক ও হিসাবরক্ষক প্রবেশ করে সঞ্জীবুরকে বের করার চেষ্টা করেন। পরে তিনজন মিলে লাঠি ও ঘণ্টা বাজানোর হাতুড়ি দিয়ে সঞ্জীবুরকে পিটিয়ে বারান্দায় বের করে আনেন। মারধরের এক পর্যায়ে সঞ্জীবুর লুটিয়ে পড়েন। এ সময় ক্লাসে থাকা শিক্ষক ও শিক্ষার্থীরা বের হয়ে আসে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিনুল হক বলেন, শিক্ষকদের বিরুদ্ধে করা চাঁদাবাজি মামলাটি ভুয়া। এরই প্রতিক্রিয়া হিসেবে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।