ভৈরবে সংঘর্ষে একজন নিহত, আহত ৫০
কিশোরগঞ্জের ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ফজলুল হক মাস্টার ও মুসলেম মিয়া পক্ষের মধ্যে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোবারক হোসেন। তিনি ফজলুল হক মাস্টার পক্ষের সমর্থক হিসেবে পরিচিত।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে রাব্বি মিয়া (১৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ফজলুল হক মাস্টার সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আর মুসলেম বিএনপির সমর্থক। ফজলুল হক গ্রামের কৃপণ বাড়ির এবং মুসলেম নূরার বাড়ির নেতৃত্ব দিয়ে আসছেন। আধিপত্য বিস্তার নিয়ে দুটি বংশের মধ্যে ২৫ বছর ধরে বিরোধ চলছে। এর জেরে গত বছরের ৫ নভেম্বর দুই পক্ষের সংঘর্ষে কৃপণ বাড়ির ওয়াহিদ মিয়া নামের এক ব্যক্তি নিহত হন।
গতকাল সকালে দুই পক্ষের কয়েক শ মানুষ টেঁটা, লাঠিসোঁটা এবং ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিকের সমর্থকেরা নূরার বাড়ির পক্ষ নিয়ে সংঘর্ষে অংশ নেয়। কৃপণ বাড়ির হয়ে সংঘর্ষে অংশ নেয় একই ইউনিয়ন বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি তোফাজ্জল হোসেন পক্ষ। তোফাজ্জল ও আবু বক্কর সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সংঘর্ষের একপর্যায়ে মোবারকের বুকে একটি বল্লম বিদ্ধ হয়। তখন সে মাটিতে লুটিয়ে পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার আগেই মোবারকের মৃত্যু হয়। সংঘর্ষে গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে কৃপণ বাড়ির মো. ফয়সালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে কৃপণ বাড়ির স্বর্ণালি বেগম, জরিনা বেগম, সেলিনা বেগম, হামিম মিয়া, হোসনে আরা, মো. ইসলাম, রতন মিয়া, নুরুল হক, তানিয়া বেগম, সোহাগ মিয়া, মগল ভূঁইয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নূরার বাড়ির ১১ জনকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফজলুল হকের অভিযোগ, ‘গ্রামে নিজের আধিপত্য কায়েমের জন্য মুসলেম পক্ষ পাঁচ মাসের ব্যবধানে দুজনকে খুন করেছে। এখন শক্তি বাড়ানোর জন্য সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সমর্থকদের সঙ্গে নিয়েছে। শনিবার আবু বক্কর সিদ্দিকের সমর্থকদের সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে হামলা চালিয়ে অন্তত ১৫টি ঘরে ভাঙচুর করে মুসলেম পক্ষ। বাধা দিতে গেলে মোবারককে বল্লমের আঘাতে খুন করে।’
অভিযোগ অস্বীকার করে মুসলেম মিয়া বলেন, ‘ফজলুল হক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। যাঁরা তাঁর অনুগত নন, ক্ষমতার দাপটে তাঁদের এলাকাছাড়া করতে চান তিনি। শনিবার সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সমর্থকদের নিয়ে ফজলুল হক পক্ষ হামলা চালালে আমরা শুধু প্রতিহত করার চেষ্টা করি।’ মোবারক তাঁদের ছোড়া বল্লমের আঘাতে নিহত হননি বলে দাবি করেন মুসলেম মিয়া। ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান বলেন, পক্ষ দুটির মধ্যে বারবার সংঘর্ষের প্রধান কারণ গোষ্ঠীভিত্তিক আধিপত্য বিস্তার। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।