ভৈরবে সংঘর্ষে ৪৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতার সমর্থক এবং পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্চবটী মহল্লাবাসীর মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ৩০টি রাবার বুলেট ছোড়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাদেক মিয়া ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানের বাড়ি লুন্দিয়া গ্রামে। লুন্দিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই নেতার বিরোধ দীর্ঘদিনের। গতকাল সকাল সাড়ে ১০টার মধ্যে দুই পক্ষের কয়েক শ সমর্থক লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন।

গুরুতর আহত বাতেন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মো. জাকারিয়া ও হৃদয় মিয়া নামে দুই ব্যক্তিকে আটক করেছে।

এদিকে পঞ্চবটী মহল্লার হান্নান মিয়া জগন্নাথপুর মহল্লার একটি পুকুরে মাছ চাষ করেন। আগের দিন রাতে পুকুরের নৈশপ্রহরীকে জগন্নাথপুর মহল্লার পৌর কাউন্সিলর ফজলু মিয়া পক্ষের লোকজন মারধর করেন। এই ঘটনায় গতকাল সকালে হান্নান মিয়া থানায় লিখিত অভিযোগ দেন। ওই ঘটনার সূত্র ধরে সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০টি রাবার বুলেট ছোড়ে।

ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার বলেন, দুই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।