ভৈরবে সাবেক নারী কাউন্সিলরের দোকান ও ঘর উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার সাবেক এক নারী কাউন্সিলরের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতঘর উচ্ছেদ করা হয়েছে। পৌরসভার জমিতে অবৈধভাবে নির্মাণ করার অপরাধে গতকাল সোমবার অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করে পৌর কর্তৃপক্ষ।

সাবেক ওই নারী কাউন্সিলরের নাম নার্গিস বেগম। তিনি সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ছিলেন। অভিযানে নেতৃত্ব দেন পৌর মেয়র ফখরুল আলম। এ সময় অন্তত আটজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র জানায়, পৌরসভার বঙ্গবন্ধু সরণি সড়ক শহরের প্রধান সড়ক। সড়কের বমপট্রি এলাকায় নার্গিসের একটি মুদি ও একটি স্টেশনারি দোকান রয়েছে। দোকানের পেছনে আছে বসতঘর। তিনটি স্থাপনা ৩০০ হাজার বর্গফুটে গড়ে তোলা হয়েছিল।

পৌর কর্তৃপক্ষের দাবি, নার্গিসের দখলে থাকা দুটি দোকান ও বসতঘরটি তাঁর নয়। পৌরসভার জায়গা দখল করে নার্গিস সুবিধা ভোগ করে আসছিলেন। পৌর কর্তৃপক্ষ ওই স্থানে অটোরিকশাস্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা করে। এ জন্য সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পৌরসভার নির্দেশ পেয়ে অনেকে দোকানপাট সরিয়ে নিলেও নার্গিস নিচ্ছিলেন না। ফলে বাধ্য হয়ে পৌর কর্তৃপক্ষ গতকাল উচ্ছেদ অভিযানে যায়।

নার্গিস বেগম জানান, তাঁর স্থাপনা পৌরসভার জায়গায় নয়, নিজের জায়গায় গড়ে তুলেছেন। পৌর কর্তৃপক্ষ অন্যায়ভাবে তাঁকে দোকান ও ভিটেহারা করেছে।

নার্গিস অভিযোগ করেন, উচ্ছেদের সময় দোকানের মূল্যবান জিনিসপত্র সরানোর সুযোগও দেওয়া হয়নি। ফলে কয়েক লাখ টাকার মালামাল এক শ্রেণির মানুষ লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে পৌর মেয়র ফখরুল আলম বলেন, উচ্ছেদ করা স্থাপনা পৌরসভার জায়গায় গড়ে তুলে দীর্ঘদিন ধরে আর্থিকভাবে লাভবান হয়ে এসেছেন নার্গিস। বারবার নোটিশ দেওয়ার পরও আমলে নিচ্ছিলেন না। উচ্ছেদের সময়ও দলিল দেখানোর কথা বলা হয়। কিন্তু নার্গিস তা দেখাতে পারেননি।