ভৈরবে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে স্বামী-স্ত্রীসহ তিনজন অ্যাসিডদগ্ধ হয়েছেন। গত শনিবার রাতে পৌর শহরের কমলপুর মোল্লাবাড়ি মহল্লার একটি ভাড়া বাড়িতে একে অন্যের ছোড়া অ্যাসিডে তাঁরা দগ্ধ হন বলে পরস্পরবিরোধী অভিযোগে জানা গেছে। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।

দগ্ধ ব্যক্তিরা হলো মো. শাওন (৩০), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৪৫) ও জাহানারার প্রথম পক্ষের ছেলে জাহাঙ্গীর মিয়া (১৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, থান কাপড়ের ব্যবসায়ী শাওন ও জাহানারার তিন বছর আ​েগ বিয়ে হয়। বিয়ের পর জাহানারা ও জাহানারার প্রথম পক্ষের তিন সন্তানের সঙ্গে শাওন একই বাসায় থাকতেন। এলাকার কয়েকজন জানান, শনিবার রাত ১১টার দিকে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে দেখেন শাওন, জাহাঙ্গীর ও জাহানারা চিৎকার করছেন। জাহানারার মেয়ে সেতু (১০) ও মিতু (১২) তাঁদের শরীরে পানি ঢালছে। ঘটনার পর প্রতিবেশীরা তাঁদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে পরে তাঁদের ঢাকায় পাঠানো হয়। শাওন অভিযোগ করেন,হত্যার উদ্দেশ্যে স্ত্রী ও স্ত্রীর সন্তানেরা মিলে তাঁর (শাওন) গায়ে অ্যাসিড ঢেলে দেন।

জাহানারা অভিযোগ করেন, তাঁকেসহ তাঁর সন্তানদের মেরে ফেলতে শাওন প্রথমে তাঁর শরীরে ও পরে তাঁর ছেলে জাহাঙ্গীরের শরীরেঅ্যাসিড ঢেলে দেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুজ্জামান বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে প্রাথমিকভাবে মনে হয়েছে, তাঁরা প্রত্যেকে অ্যাসিডে দগ্ধ হয়েছেন।’