ভৈরবে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে স্বামীর নির্যাতনে রিমা আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিমার লাশ উদ্ধার করে পুলিশ।

রিমা আক্তার (২৫) ভৈরব পৌর শহরের কালীপুর দক্ষিণপাড়া মহল্লার আতর মিয়ার ছেলে শামীম মিয়ার স্ত্রী। তাঁর বাবার বাড়ি ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে। তাঁর বাবার নাম কুদ্দুস মিয়া।

রিমার বাবার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সাড়ে তিন বছর আগে শামীম মিয়ার সঙ্গে রিমার বিয়ে হয়। বিয়ের ছয় মাস পর থেকে রিমার ওপর নানাভাবে নির্যাতন চালাতেন শামীম। কিছুদিন পরপর যৌতুক হিসেবে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেওয়া হতো তাঁকে।

কিছুদিন আগে শামীম তাঁকে তাঁর বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। কিন্তু দিতে না পারায় প্রায় প্রতিদিন রিমার ওপর নির্যাতন চালানো হতো।

রিমা সর্বশেষ গত শনিবার দুপুরে তাঁর বাবার বাড়িতে ফোন দিয়ে জানান শামীম তাঁকে মারধর করছেন। ওই সময় তাঁকে সেখান থেকে উদ্ধার করে নেওয়ার কথা বলেন তিনি। পরে তাঁরা শামীমের বাড়িতে এসে রিমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। মুমূর্ষু অবস্থায় তাঁরা রিমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁদের জানান, সেখানে নেওয়ার আগেই রিমা মারা গেছেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বুলবুল আহমেদ বলেন, হাসপাতালে নেওয়ার আগেই মেয়েটির (রিমা) মৃত্যু হয়।

রিমার মা তারা বানু বলেন, ‘আমরা প্রায় নিশ্চিত শ্বাসরোধ করে আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। আর যৌতুকের জন্য এই কাজটি করেছে শামীম। এই ঘটনায় আমরা থানায় হত্যা মামলা করব।’

ঘটনার পর থেকে শামীম পলাতক। তাঁর মুঠোফোনও বন্ধ। এই কারণে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, দাম্পত্য বিরোধ থাকলেও শামীম তাঁর স্ত্রীর কাছে যৌতুক দাবি করতেন না।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বলেন, রিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।