ভৈরবে হামলায় ১৫ জন আহত
হাঁস থালায় রাখা ভাত খাওয়ায় হাঁসমালিকের পরিবারের ১৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। এতেও ক্ষোভ কমেনি। পরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আহত ব্যক্তিদের ওপর ফের হামলা চালানো হয়। গতকাল বুধবার সকালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র জানায়, জামালপুর গ্রামের নাজিম উদ্দিন ও চাঁন মিয়া প্রতিবেশী। চাঁন মিয়া বাড়িতে কয়েকটি হাঁস পালেন। গতকাল সকাল ১০টার দিকে চাঁন মিয়ার একটি হাঁস নাজিম উদ্দিনের ঘরে ঢুকে থালায় রাখা ভাত খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হন নাজিম। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে নাজিমের পক্ষ দা ও লাঠিসোঁটা নিয়ে চাঁন মিয়ার বাড়িতে ঢুকে লোকজনকে মারধর করেন।
জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা দেওয়ার সময় নাজিমের লোকজন এসে ফের হামলা চালিয়ে আহতদের মারধর করেন। এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে কর্মরত লোকজন ও স্থানীয়রা এসে আহতদের রক্ষা করেন এবং হামলাকারীদের মধ্যে বিশাল মিয়া ও সাদ্দাম মিয়া নামে দুই তরুণকে আটক করে রাখেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়।