কিশোরগঞ্জের ভৈরবে গত শুক্রবার একটি বেসরকারি হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। ভুল চিকিৎসা ও দায়িত্বে অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলে ওই নবজাতকের স্বজনেরা এ হামলা চালান। এতে ওই হাসপাতালের এক চিকিৎসক আহত হন।
হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে। হামলায় আহত হওয়া চিকিৎসকের নাম মো. ইউসুফ। হাসপাতালে হামলার প্রতিবাদে ‘ডক্টরস ক্লাব অব ভৈরব’ নামে স্থানীয় চিকিৎসকদের সংগঠন গতকাল শনিবার বিকেলে সংগঠনটির কার্যালয়ে প্রতিবাদ সভা করে। নবজাতকের স্বজনেরা হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেছেন, হাসপাতালের কর্মচারীদের হামলায় তাঁদের পক্ষের দুজন আহত হয়েছেন।
স্বজনেরা জানান, গত শুক্রবার সকালে প্রসব ব্যথা নিয়ে কটিয়াদী উপজেলার গজারিয়া গ্রামের সবুজ মিয়ার স্ত্রী দিপা বেগম (২১) ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর মহল্লায় অবস্থিত আবেদীন হাসপাতালে ভর্তি হন। দিপার বাবার বাড়ি ভৈরব পৌর শহরে চণ্ডীবেড় মধ্যপাড়ায়। দুপুরে সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি মেয়ে সন্তান জন্ম দেন।
দিপার ভাই ফরিদ ও কয়েকজন স্বজন অভিযোগ করেন, জন্মের দেড় ঘণ্টা পর নবজাতকের শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়। স্বজনেরা বিষয়টি চিকিৎসকের নজরে আনেন। কিন্তু তাঁরা বিষয়টি আমলে নেননি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যাও বাড়তে থাকে। সন্ধ্যা সাতটার দিকে একজন চিকিৎসক এসে জানান, নবজাতকের অবস্থা ভালো নয়। তাকে বাজিতপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। রাত নয়টার দিকে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার চিকিৎসকেরা তাঁদের জানান, দু-তিন ঘণ্টা আগেই নবজাতক মারা গেছে।
দিপার ভাই ফরিদ মিয়া অভিযোগ করেন, ‘আমরা এখন নিশ্চিত, অপারেশনে ত্রুটি ছিল।’ হামলার বিষয়ে তিনি বলেন, ‘রাতে আমরা গিয়েছিলাম ঘটনাটি জানাতে। এই নিয়ে হাসপাতালে কর্মরতদের সঙ্গে আমাদের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসপাতালের লোকজনই তাঁদের ওপর হামলা চালান। এতে তিনি এবং তাঁর চাচা শিপন আহত হন। হাসপাতালের কর্মীরা শিপন মিয়াকেই আটক করে পুলিশে দিয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আমিন উদ্দিন বলেন, দিপার গর্ভধারণের ৩৭ সপ্তাহ চলছিল। পূর্ণ হতে আরও দুই-দিন সপ্তাহ বাকি ছিল। এর মধ্যে গর্ভের পানি কমে যাওয়ায় দ্রুত সিজার করতে হয়েছে। গাইনি বিশেষজ্ঞ শারমিন সুলতানা অস্ত্রোপচার করেন। চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি। তিনি দাবি করেন, হাসপাতালে থাকা অবস্থায় নবজাতক জীবিত ছিল। তিনি অভিযোগ করেন, নবজাতকের স্বজনেরা হাসপাতালের ভেতরের কাচ ও আসবাব ভাঙচুর করেছেন। এতে দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। শিপন মিয়া থানা হেফাজতে আছেন।