ভৈরবে ১৫টি কালভার্ট বন্ধ করে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ বছরের ব্যবধানে ১৫টি কালভার্ট অকেজো হয়ে পড়েছে। এ কারণে অভ্যন্তরীণ খাল-বিল ও নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশ, মৎস্য ও কৃষি খাতে।

২০ থেকে ২৫ আগস্ট খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও প্রভাবশালী মহল ব্যক্তিগত প্রয়োজনে এসব কালভার্ট বন্ধ করে বসতি ও দোকানপাট গড়ে তুলেছে।

লেখক ও স্থানীয় সমাজ সচেতন অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, পানির অপর নাম যদি জীবন হয়, তবে পানির উৎস নদ-নদীর হৃদ্‌যন্ত্র হলো সেতু-কালভার্ট। ভৈরবে গণহারে কালভার্ট অকেজো করে ফেলার জন্য তিনি প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন।

বন্ধ করে ফেলা কালভার্টের মধ্যে উপজেলার সাকেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে একটি ছিল। চার বছর আগে কালভার্ট ও খাল দুই-ই ভরাট করে নির্মাণ করা হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় ও ১৩টি আধা পাকা দোকান। এলাকার অনেকে জানান, কয়েক বছর আগেও কালভার্টটির নিচ দিয়ে নৌকা চলত। ভরাটে নেতৃত্ব দিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হন সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর হক, দলটির কর্মী মো. নুরুজ্জামান ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জাল হোসেন। খাল ও কালভার্টটির কার্যকারিতা না থাকায় শুকনো মৌসুমে রসুলপুর গ্রামের বিস্তীর্ণ কৃষিজমিতে কৃষকেরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। নুরুজ্জামান বলেন, ‘খালে এখন আর পানি থাকে না। এমনিতেই ভরাট হয়ে গেছে। শেষে বাজার ও লাগোয়া ঈদগাহের স্বার্থে কালভার্ট বন্ধ করে কিছু দোকানপাট করেছি।’ দলীয় কার্যালয় করার কথাও স্বীকার করেন তিনি।

তিন বছর আগে শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি বাজারের কাছের কালভার্টটিতে দেয়াল দিয়ে পানি আটকে মাছ চাষ করছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফিকুল ইসলাম।

সাড়ে তিন বছর আগে একই কায়দায় শ্রীনগর উচ্চবিদ্যালয়-সংলগ্ন একটি কালভার্ট বন্ধ করে দিয়েছেন বিত্তবান হিসেবে পরিচিত মো. ফুল মিয়া। একই ইউনিয়নের বাউশমারা গ্রামে কালভার্ট ও বিল ভরাট করে পুকুর বানিয়ে মাছ চাষ করছেন ওই গ্রামের প্রভাবশালী কফিল উদ্দিনের নেতৃত্ব গঠিত একটি চক্র।

দুই বছর আগে শ্রীনগর উত্তরপাড়ায় আরও একটি কালভার্ট বন্ধ করে দোকান ও বসতি স্থাপন করেন স্থানীয় ফরিদ মিয়া নামের এক ব্যক্তি।

চার বছর আগে বন্ধ করে ফেলা হয়েছে একই ইউনিয়নের তেয়ারিচর পূর্বপাড়ার কালভার্টটি। ভরাটস্থলে এখন রয়েছে মজিবুর রহমান ও নুরু মিয়ার বাড়ি।

স্থানীয় অনেকে জানিয়েছেন, মেঘনা নদীর সঙ্গে শিমুলকান্দি ও শ্রীনগর ইউনিয়নের খাল-বিলের যোগসূত্র স্থাপন হয়েছিল এই কালভার্টগুলোর মাধ্যমে। এর মাধ্যমে ইউনিয়ন দুটির খাল-বিলে সারা বছর পানি থাকত। এখন অনেক জায়গায় পানি থাকে না।

বন্ধের কারণ জানতে চাইলে কফিল উদ্দিনও বলেন, ‘অন্যরা করছে, তাই আমিও করেছি।’

আফিকুল, ফরিদ ও মজিবুরও একই উদাহরণ টানেন।

পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কামাল সরকার বাড়ি এলাকায় খোদ সরকারি উদ্যোগে দেড় বছর আগে একটি কালভার্ট অকার্যকর করে সড়ক নির্মাণ করা হয়েছে। ‘ভৈরব-মেন্দিপুর সড়ক উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়নের সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কালভার্ট বন্ধ করে সড়ক নির্মাণ করে। এতে এক পাশের পানি অপর পাশে সরতে পারছে না। ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোমেন মিয়া প্রথম আলোকে বলেন, এই কালভার্টটির খুবই প্রয়োজন ছিল। কারণ মেঘনার সঙ্গে কয়েকটি অঞ্চলের খাল-বিলের প্রবাহ ধরে রাখার মাধ্যম হিসেবে এটি ব্যবহার হয়ে আসছিল।

এলাকাবাসী জানান, কালভার্ট না থাকায় এবার ভরা বর্ষায়ও এক পাশে পানি কম ছিল। আগের বছরের তুলনায় জলজ উদ্ভিদ কম দেখা গেছে।

ভৈরব সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ইচ্ছে থাকা সত্ত্বেও কালভার্টটি বাঁচিয়ে সড়ক করা যায়নি।

তৃতীয় রেলওয়ে সেতু নির্মাণ করতে গিয়ে দেড় বছর আগে শহরের প্রাণকেন্দ্রে একটি কালভার্ট ও খাল বন্ধ করে দিয়েছেন প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা। এটির মাধ্যমে মেঘনা নদীর সঙ্গে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ খাল-বিলের যোগসূত্র ছিল। তবে সেতু নির্মাণ শেষে বিকল্প ব্যবস্থায় সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এক বছর আগে কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর পূর্বপাড়ায় স্থানীয় নজরুল মিয়া নামে এক ব্যক্তি কালভার্ট বন্ধ করে বাড়ি করে ফেলেছেন। নজরুলের স্ত্রী নিপা বেগম বলেন, কালভার্টের জায়গা তাঁর শ্বশুরের ছিল। তাই বন্ধ করে ফেলা হয়েছে।

আশরাফ আলী নামে এক ব্যক্তি মিরারচর দক্ষিণপাড়ার কালভার্ট বন্ধ করে বাড়ি করেছেন। আশরাফ আলীর বড় ভাই সাদেক মিয়ার যুক্তি নিপা বেগমের মতোই।

মিরারচর পূর্বপাড়া রেললাইন-সংলগ্ন এলাকার কালভার্ট অকেজো করে ফেলা হয়েছে। স্থানীয় লোকজন দলগতভাবে কাজটি করেছেন। ওই অঞ্চলের কয়েকজন কৃষক জানান, পানিনিষ্কাশনের বেশির ভাগ পথ বন্ধ হয়ে যাওয়ায় কয়েক বছর ধরে বীজতলা করতে পারছেন না তাঁরা।

স্থানীয় মুক্তার মিয়া ও নুরুল ইসলাম নামে দুই ব্যক্তি তিন বছর আগে গজারিয়া ইউনিয়নের পূর্বপাড়ায় কালভার্ট ভরাট করেন। একই ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামে কালভার্ট বন্ধ করে বাড়ি করে ফেলেছেন সুরুজ মিয়া ও আতর মিয়া নামের দুই ব্যক্তি।

কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ-ছিদ্দিরচর সড়কের ঝগড়াচর এলাকায় হাবিব মিয়া নামের এক ব্যক্তি কালভার্ট বন্ধ করে বাড়ি করেছেন। হাবিব মিয়ার স্ত্রী সোহেরা বেগম স্বীকার করেন, বাড়ি করার কারণে পানিপ্রবাহে সমস্যা হচ্ছে।

একই ইউনিয়নের আতকাপাড়া গ্রামের স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কাছের কালভার্টটির এখন আর কোনো স্মৃতিচিহ্ন নেই। লাগোয়া বাড়ির বাসিন্দা নান্নু মিয়া বলেন, ‘আমরা না, এলাকার লোকজন বুনজাইয়া ফালাইছে।’

কৃষকদের বক্তব্য হলো, কয়েক বছরের মধ্যে কালিকাপ্রসাদ ইউনিয়নের বেশ কয়েকটি কালভার্ট বন্ধ হয়ে যাওয়ায় খাল-বিলে মাছ ও জলজ উদ্ভিদ কমে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা আহমেদ বলেন, ‘এত সংখ্যক কালভার্ট অকেজো হয়ে থাকার কথা আমার জানা নেই। হয়ে থাকলে উদ্ধার করে কার্যকর ব্যবস্থা করা হবে।’