বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে কিশোরগঞ্জের ভৈরবে ৮৭২ যাত্রীকে জরিমানা করা হয়েছে। তাঁদের কাছ থেকে আদায় করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। গতকাল শনিবার বিভিন্ন আন্তনগর ট্রেনে অভিযান চালিয়ে এ টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত আদালত পরিচালনা করেন বাংলাদেশ রেলের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার শাহাদাৎ আলী।
ভৈরব রেলস্টেশন কার্যালয় সূত্র জানায়, ডাবল লাইন হওয়ার পর থেকে ট্রেন ভ্রমণে সময় কমে এসেছে। ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে স্টেশনে আসছে এবং গন্তব্যে যাচ্ছে। অপরদিকে সড়কপথে যানজট কোনোভাবে কমিয়ে আনতে না পারায় যাত্রী বিড়ম্বনা বাড়ছে। এমন বাস্তবতায় ট্রেনে যাত্রীর সংখ্যা বাড়ছে। যাত্রীর সংখ্যা বাড়ায় বিনা টিকিটে ভ্রমণকারীও বাড়ছে। এতে ট্রেনের ভেতরে শৃঙ্খলা নষ্ট হচ্ছে। ট্রেনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিনা টিকিটধারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়।