ভৈরেব ট্রাক থেকে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকে করে গাঁজা নেওয়ার সময় কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন আবুল হোসেন নামের এক চালক। গতকাল বৃহস্পতিবার সকালে ভৈরবের গাজীরটেক এলাকায় ওই ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে জানা যায়, গোপন সংবাদে র্যাব জানতে পারে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ টন ধারণক্ষমতাসম্পন্ন একটি ট্রাকে করে গাঁজার বড় একটি চালান ময়মনসিংহে নেওয়া হচ্ছে। গোয়েন্দা অনুসন্ধানে নিশ্চিত হওয়ার পর সকালে র্যাবের একটি দল ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের গাজীরটেক এলাকায় অবস্থান নেয়। ট্রাকটি এরপর ওই এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে থামে। তখন র্যাব গাঁজাসহ চালককে আটক করে।
চালক আবুল হোসেন জানান, তিনি ভাড়ায় ট্রাক চালান। গত বুধবার রাতে আখাউড়ার এক ব্যক্তি এসে তাঁর ট্রাকটি ময়মনসিংহে নেওয়ার জন্য ৪০ হাজার টাকায় ভাড়া করেন। কী পরিবহন করা হবে, ভাড়ার সময় তা স্পষ্ট করে বলা হয়নি। ভোর চারটার দিকে পাটের চটের কিছু বস্তা তুলে দিয়ে ট্রাকটি ময়মনসিংহে নিয়ে যেতে বলা হয়।
ঘটনায় র্যাবের পিডি (এসআই পদমর্যাদার) রেজাউল করিম বাদী হয়ে মাদক আইনে ভৈরব থানায় মামলা করেছেন।