ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে এক জামায়াত নেতাকে আটক করেছেন এলাকাবাসী। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
ওই নেতার নাম দেলোয়ার হোসেন। তিনি পবার গোবিন্দপুর এলাকার বাসিন্দা ও কাশিয়াডাঙা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক। ওই ইউনিয়নে আজ শনিবার ভোট।
স্থানীয় কয়েক ব্যক্তি বলেন, ১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির দেলোয়ার হোসেন গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ছোটপুকুরিয়া গ্রামের কয়েকজনের বাড়িতে গিয়ে জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের অটোরিকশা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটপ্রতি ২০০ টাকা করে দিচ্ছিলেন।
এ সময় গ্রামবাসী তাঁকে ১০ হাজার ৪০০ টাকা ও ওই প্রার্থীর কিছু প্রচারপত্রসহ আটক করেন। গতকাল বিকেল ছয়টার দিকে রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতে তাঁর বিচারের ব্যবস্থা করা হবে। আবুল কালাম আজাদ বলেন, দেলোয়ার টাকা নিয়ে নির্বাচনী এজেন্টদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁর কাছে নির্বাচনী কাগজপত্রও রয়েছে।