ভোট কেন্দ্রের আশপাশ থেকে আটক ৯, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ৯ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেন্দ্রের ভেতর এবং বাইরে ঘোরাফেরার দায়ে এ ৯ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

যে ৯ জনকে জরিমানা করা হয়েছে তাঁরা হলেন মিনহাজ হোসেন, আবদুল কাইয়ুম, আজিজ ইসলাম, রেজাউল করিম, শাহাদাত হোসেন, সাকিব হোসেন, মাহবুবুল আলম, কামরুজ্জামান ও হায়াত চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম প্রথম আলোকে বলেন, কেন্দ্রের ভেতর এবং বাইরে ঘোরাফেরার কারণে এ ৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের প্রত্যেকের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বিএনপির চেয়ারম্যান প্রার্থী ইকতিয়ার উদ্দিন সোহাগ অভিযোগ করেন, এই ৯ জন আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে রাতে ব্যালটে সিল মারার জন্য কেন্দ্রে যান।

তবে এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী ইউসুফ জালাল কিসমত বলেন, যদিও ৯ জনই তাঁর দলীয় লোক। কিন্তু তাঁরা ব্যালটে সিল মারতে কেন্দ্রে যাননি। তাঁরা ৯ জনই স্থানীয়।