ভোট দিতে বাধা, অস্ত্রসহ আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম পৌরসভার ধামুইচা থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচজন যুবককে আটক করেছে পুলিশ। এঁরা পৌর এলাকার বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে কেন্দ্রে না যাওয়ার জন্য ভয় দেখাচ্ছিলেন বলে স্থানীয় লোকজনের অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁদের আটক করে।
রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রথম আলোর কাছে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক ভাবে তিনি আটক পাঁচ যুবকের নাম জানাতে পারেননি।
সরেজমিনে দেখা গেছে, বাইনচাটিয়া, পাইকপাড়া, ডুরিয়া বিষ্ণুপুর ও বড়তোপা এলাকার বিভিন্ন স্থানে যুবকেরা জটলা করে দাঁড়িয়ে আছেন। তিনি ওই যুবকদের হাতে লাঠিসোঁটা দেখেছেন। তবে দেশীয় ধাঁরালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র দেখেননি।
আজ সকাল পৌনে নয়টার দিকে পাইকপাড়ায় রাস্তার মোড়ে প্রায় ২০ জন নারী-পুরুষকে জটলা করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একজন ভোটার বলেন, তাঁরা অনেকে মিলে ভোট দিতে বেরিয়ে ছিলেন, তাড়া খেয়ে ফিরে এসেছেন। তিনি বলেন, ‘একজনরে দেখি মাথা ফাটি গেছে। ই দেখিয়া কি আর যাইতে পারি।’
একজন নারী ভোটার বলেন, ‘ক্যাননে যাইতাম ভোট দিত। ভোটের চেয়ে জীবনের মায়া তো বেশি। নিরাপত্তা কে দেব?’ নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন এ মালেক ইনস্টিটিউশনে ভোট দিতে আসা ১০ জন ভোটার। তাঁরা বলেন, অনেকটা অনুনয়-বিনয় করে তাঁরা কেন্দ্রে এসেছেন। বাধার মুখে তাদের কেউ কেউ আহতও হয়েছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, ভোটাররা বাধা পাচ্ছেন বা কেউ আহত হয়েছেন এমন কোনো তথ্য তাঁর কাছে নেই। তবে তিনি খোঁজ নেবেন।
সকাল সাড়ে আটটার দিকে এ মালেক ইনস্টিটিউশনের দুটি কেন্দ্রে ভোটার তেমন দেখা যায়নি।
ভোট দিয়েছেন দুই মেয়র প্রার্থী। সকাল আটটার দিকে তামিশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি থেকে মনোনয়ন পাওয়া একমাত্র নারী মেয়র প্রার্থী শাহনাজ আক্তার। লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের।
ভোট দেওয়ার পর দুই প্রার্থীই তাঁদের জয় সুনিশ্চিত বলে আশা প্রকাশ করেন।
শাহনাজ আক্তার বলেন, ‘ইনশাআল্লাহ আমি জিতব। প্রচুর ভোটার ভোট দিতে এসেছেন। নির্বাচন সুষ্ঠু হলে পরাজিত হওয়ার কোনো কারণ নেই।’
নির্বাচন সুষ্ঠু হলে লাকসামে মেয়র প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখছেন স্থানীয় ভোটাররা। আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই এখানে নিজ নিজ প্রার্থীকে জেতাতে সর্বোচ্চ চেষ্টা করছে। এই পৌরসভায় কেনো বিদ্রোহী প্রার্থী নেই।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে আওয়ামী লীগ প্রার্থী যুবলীগের আহ্বায়ক ও স্থানীয় একটি কলেজের শিক্ষক আবুল খায়েরের গ্রহণযোগ্যতা থাকলেও, সহানুভূতি পাচ্ছেন শাহনাজ আক্তার। ২০১৩ সালের নভেম্বরে শাহনাজের স্বামী হুমায়ূন কবীর পারভেজ নিখোঁজ হন। পরিবারের অভিযোগ র‍্যাব সদস্যরা তাঁকে তুলে নিয়ে গেছেন। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির যে তিনটি উপদল ছিল, তারা কোন্দল মিটিয়ে ফেলেছে।
গতকাল বিকেলে লাকসামের এ মালেক ইনস্টিটিউশন ও নরশতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশেপাশে লাকসাম বাজার এলাকায় ভোটের আগেরদিন যে স্বাভাবিক জনসমাগম সেটি দেখা যায়নি। এ পৌরসভায় ভোটার সংখ্য ৪১ হাজার ৭৩৯ জন।