ভোট না দেওয়ায় ইউপি চেয়ারম্যানকে মারধর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট না দেওয়ায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুর রহমানকে গতকাল বৃহস্পতিবার মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা পরিষদ নির্বাচনে পরাজিত এক সদস্য প্রার্থীকে আটক করেছে পুলিশ।
আটক ওই ব্যক্তির নাম হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী। তিনি কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য।
ইউপি চেয়ারম্যান মাহমুদুর ও প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে তালা ১৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন সোহরাওয়ার্দ্দী, যিনি গ্রেনেড বাবু নামে পরিচিত। গতকাল বেলা দুইটার দিকে তিনি উপজেলা পরিষদ চত্বরে ছিলেন। এ সময় সেখানকার মসজিদে নামাজ পড়ে বের হন মাহমুদুর। বের হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর ওপর হামলা চালান সোহরাওয়ার্দ্দীসহ কয়েকজন। হামলাকারীরা মাহমুদুরের জামার কলার চেপে ধরে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারতে থাকেন। আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান।
মাহমুদুর বলেন, তাঁর কাছে ভোট চেয়েছিলেন সোহরাওয়ার্দ্দী। তিনি ভোট দেবেন না বলে জানিয়ে দেন। পরে নির্বাচনে পরাজিত হন সোহরাওয়ার্দ্দী। এ কারণেই তাঁকে মারধর করা হয়েছে। পাশাপাশি তাঁর পকেটে থাকা ৭০ হাজার টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি কিশোরগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন।
হোসেন শহীদ সোহরাওয়ার্দ্দী বলেন, মাগুড়া ইউপির সংরক্ষিত নারী সদস্য শিল্পী আক্তার তাঁর ভাবি। শিল্পী যেন তাঁকে (সোহরাওয়ার্দ্দী) ভোট না দেন, সে জন্য চেয়ারম্যান মাহমুদুর হুমকি দিয়ে আসছিলেন। গত বুধবার ভোটের দিন শিল্পীকে মাহমুদুর ও তাঁর লোকজন লাঞ্ছিত করেন। তিনি গতকাল মাহমুদুরকে বাগে পেয়ে তাঁর জামার কলার ধরে সেই ঘটনার প্রতিবাদ করেছেন মাত্র। মারধর ও ছিনতাইয়ের অভিযোগ সত্য নয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশীদ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর বিকেল পাঁচটার দিকে অভিযান চালিয়ে শহীদ সোহরাওয়ার্দ্দীকে আটক করে পুলিশ। বিষয়টির তদন্ত চলছে।