ভোট না দেওয়ায় ইউপি সদস্যকে লাঞ্ছিতের অভিযোগ
জামালপুর জেলা পরিষদ নির্বাচনে এক সদস্য পদপ্রার্থী হেরে গিয়ে এক ইউপি সদস্যকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পরিষদ কার্যালয়ের সামনেই এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন।
১৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী এ কে এম মহসীনুজ্জামানের দাবি, দিগপাইত ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মনজু মিয়া টাকা নিয়েও তাঁকে ভোট না দেওয়ায় তিনি হেরে গেছেন। তবে ইউপি সদস্য মনজু মিয়া টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন।
স্থানীয় সূত্র জানায়, জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে টিউবওয়েল মার্কা নিয়ে লড়ে তালা মার্কার প্রার্থী মো. হাবিবুর রহমানের কাছে মাত্র এক ভোটে পরাজিত হন মহসীনুজ্জামান। তিনি দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ভোট না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে গতকাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে মনজু মিয়াকে আটকান মহসীনুজ্জামান। তিনি তাঁর কলার চেপে ধরে ধাক্কা দেন ও গালিগালাজ করেন। মনজু মিয়াকে আগামী চার বছর ইউপি কার্যালয়ে ঢুকতে দেবেন না বলেও হুমকি দেন।
মনজু মিয়া প্রথম আলোকে বলেন, ‘ভোট না দেওয়ায় আমাকে ধাক্কা, গালিগালাজ ও লাঞ্ছিত করেছেন মহসীনুজ্জামান। বিষয়টি আমি চেয়ারম্যানকে জানিয়েছি।’
অভিযোগ স্বীকার করে এ কে এম মহসীনুজ্জামান বলেন, ‘ভোট দেওয়ার জন্য ওকে (মনজু) আমি ১০ হাজার টাকা দিয়েছিলাম। ওর হাতে-পায়ে ধরে বলেছি ভোট দিতে যেতে। কিন্তু যায় নাই। তাই গালিগালাজ করেছি। ওর ভোটটা পাইলে আমি জিততাম।’ মহসীনুজ্জামান আরও বলেন, ‘ওই দুঃখে আজ আমি তাকে পরিষদে ঢুকতে দিইনি। আগামী চার বছরও ঢুকতে দেব না।’
দিগপাইত ইউনিয়নের চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। তাই মন্তব্য করতে পারছি না।’
জামালপুর সদর উপজেলার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ‘এ ঘটনায় আমার কাছে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে।’