ভোট পুনর্গণনার দাবিতে ইউএনও কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে পরাজিত দুই প্রার্থীর কর্মী-সমর্থকেরা ইউএনও কার্যালয়ে ভাঙচুর চালালে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করেন। ছবি: প্রথম আলো
বগুড়ার ধুনটে পরাজিত দুই প্রার্থীর কর্মী-সমর্থকেরা ইউএনও কার্যালয়ে ভাঙচুর চালালে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করেন। ছবি: প্রথম আলো

বগুড়ার ধুনটে গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় ভোট গণনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও নির্বাচন কার্যালয় ভাঙচুর করা হয়েছে। পরাজিত দুই প্রার্থীর কর্মী-সমর্থকেরা আজ রোববার এই ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। 

এ ছাড়া ধুনট বাজারে বিক্ষোভ মিছিল করার সময় ওই দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বলেন, দুই প্রার্থীর আবেদন বিবেচনার জন্য নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ চলছে। এ সময় হঠাৎ করে পরাজিত দুই প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়ে কার্যালয় ভাঙচুর করেছেন। এ ঘটনায় মামলা হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গতকাল শনিবার গোসাইবাড়ী ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী মঈনুল হাসান ৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদ ভোট গণনায় কারচুপির অভিযোগ আনেন। পুনরায় ভোট গণনার দাবিতে ইউএনওর কাছে লিখিত অভিযোগও করেন তিনি। অন্যদিকে একই ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ঝরনা খাতুনের অভিযোগ, তাঁকে বাদ দিয়ে আকতার পারভীন নামের এক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাচন অফিসে ভুল সংশোধনের জন্য আবেদন করেন ঝরনা। কিন্তু উপজেলা নির্বাচন কর্মকর্তা মুনজুরুল আহসান দুই প্রার্থীর দাবি মেনে না নেওয়ায় প্রার্থীর কর্মী-সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে হারুন ও ঝরনার কর্মী-সমর্থকেরা ইউএনওর কার্যালয় ও উপজেলা নির্বাচন অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে বিকেল পাঁচটার দিকে ওই দুই প্রার্থীর কর্মী-সমর্থকেরা ধুনট বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহত কয়েকজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে উপজেলা পরিষদের সামনে বিজিবি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনপির বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদ অভিযোগ করে বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তা টাকার বিনিময়ে সঠিকভাবে ভোট গণনা না করেই মঈনুল হাসানকে বিজয়ী ঘোষণা করেছেন। তাই পুনরায় ভোট গণনার জন্য উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেছি। কিন্তু আমাদের দাবি তাঁরা মেনে নিতে চাইছেন না। এর প্রতিবাদে কর্মী-সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করেন। পুলিশ ওই মিছিলে হামলা চালিয়ে ৩০ জন কর্মীকে পিটিয়ে আহত করেছে।’
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অবৈধ দাবি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও নির্বাচন অফিস ভাঙচুর করা হয়েছে। তাঁদের বিক্ষোভ মিছিল করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু পুলিশের নিষেধ উপেক্ষা করে বিক্ষোভ করার সময় তাঁদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেওয়া হয়েছে। কাউকে মারধর করা হয়নি।