দেশের ছয়টি জেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী সহিংসতায় ভোটকেন্দ্র, নির্বাচনী ক্যাম্প ও বিভিন্ন বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সব কটি ঘটনাই গত বৃহস্পতিবার রাতের। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিরা বিস্তারিত জানিয়েছেন:
কুমিল্লা: পূর্ব লাকসাম ইউপির ডোমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গভীর রাতে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে বিদ্যালয়ের ছয়টি চেয়ার ও কিছু শিক্ষা উপকরণ পুড়ে যায়। এ সময় দুর্বৃত্তরা ১৪টি বেঞ্চ ভাঙচুর করে। আজ শনিবার এই ইউনিয়নে নির্বাচন।
নাটোর: লালপুর ইউপিতে গত ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সহিংসতার জের ধরে প্রতিপক্ষের আগুনে বাকনাই গ্রামের জাপান বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়ির সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকারও বেশি ক্ষতির দাবি করেছেন তিনি।
গোপালগঞ্জ: কাশিয়ানীর মহেশপুরে স্বতন্ত্র প্রার্থী কাজী আবুল কালাম আজাদের নির্বাচনী ক্যাম্পে রাত একটার দিকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ওই প্রার্থীর তিন কর্মী আহত হন। হামলাকারীরা তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে। এই ইউপিতে নির্বাচন আজ। স্বতন্ত্র প্রার্থী কাজী আবুল কালাম আজাদ বলেন, ‘হামলাকারীরা আমার নির্বাচনী প্রচার ক্যাম্প ভাঙচুর করে এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।’ তবে অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী মো. নুরুজ্জামান মৃধা।
নেত্রকোনা: কলমাকান্দার নাজিরপুর বাজারে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুল আলী ও দলের বিদ্রোহী প্রার্থী আবদুল কুদ্দুস বাবুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।
কুষ্টিয়া: খোকসা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়েছে। এতে তিনজন জখম হয়েছেন। এঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ এই উপজেলায় তৃতীয় দফায় নয়টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
জুড়ী (মৌলভীবাজার): কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউপিতে নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুর রব মাহবুবের আট বহিরাগত কর্মীকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ জয়চণ্ডীসহ উপজেলার সাতটি ইউপির নির্বাচন।