ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ বিদ্রোহী প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে প্রতিটি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ ও ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ কে এম জাফর উল্যাহ। পাশাপাশি তিনি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও তাঁদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ করেছেন। গতকাল সোমবার বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তপুর ইউনিয়নের মনিপুর গ্রামের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। জাফর উল্যাহ আওয়ামী লীগের রাজনীতি করলেও দলীয় কোনো পদে নেই।
জাফর উল্যাহর অভিযোগ, কয়েক দিন আগে তাঁর এক সমর্থকের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছে। দলীয় নেতা-কর্মীরা ভোটারদের হয়রানি করছেন। গত রোববার সন্ধ্যায় কবিরহাট থানার পুলিশের একটি দলও তাঁর বাড়িতে হানা দিয়েছে। তাই তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত।
অবশ্য জাফর উল্যাহর অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এ বি এম জাফর উল্যাহ। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি মেনেই তাঁর প্রচারণা চলছে। আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা তাঁর পক্ষে কাজ করছেন। কোথাও কেউ বিচ্ছিন্নভাবে কাউকে ভয়ভীতি দেখিয়েছেন কি না, তা তাঁর জানা নেই। আর ভোটারদের টাকা দেওয়ার কথাও ঠিক নয়।
এ বি এম জাফর উল্যাহ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি জেলা পরিষদের সদ্য বিদায়ী প্রশাসক।
প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর অভিযোগের বিষয়ে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের অংশ হিসেবে রোববার সন্ধ্যায় পুলিশ প্রার্থীর বাড়িতে গেছে। প্রার্থীকে হয়রানি করা এর উদ্দেশ্যে ছিল না। জেলা পরিষদ নির্বাচনকে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।