ভোটারদের 'টাকা দেওয়ার সময়' গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ও শান্তিনগর এলাকা থেকে আজ সোমবার আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রদপ্রার্থীদের পক্ষে ভোট চেয়ে টাকা বিতরণ করছিলেন। 

এর আগে গতকাল রোববার রাতে রাজধানীর তিন এলাকা থেকে ভোটারদের মধ্যে ‘টাকা বিতরণ’ করার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা বিএনপি ও যুবদলের কর্মী।

ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম-তিন সিটি করপোরেশনের ভোট গ্রহণ হবে কাল মঙ্গলবার। এই তিন সিটি এলাকায় নির্বাচনী প্রচার শেষ হয়েছে গতকাল রোববার মধ্যরাতে। আজ তিন সিটি এলাকায় সকল প্রকার নির্বাচনী প্রচার বন্ধ।

রাজধানীর মিরপুরের পাইকপাড়ার আহম্মেদনগর এলাকা থেকে আজ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট চেয়ে টাকা বিতরণ করছিলেন।
ছয়জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন সারফিন আক্তার। সারফিন স্থানীয় নারী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপির নেত্রী রুনা আক্তারের মেয়ে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন প্রথম আলোর কাছে দাবি করেন, গ্রেপ্তারকৃতরা বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা দিচ্ছিলেন। এ সময় তাঁদের কাছে তিন লাখ টাকা পাওয়া গেছে।
এদিকে আজ বিকেল তিনটার দিকে রাজধানীর শান্তিনগর এলাকায় বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাস ও স্থানীয় নারী কাউন্সিলর পদপ্রার্থী আঞ্জুমান আরা বেগমের পক্ষে ভোটারদের ‘টাকা দেওয়ার সময়’ দুজনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা-পুলিশ। তাঁরা হলেন শান্তিনগর কাঁচাবাজার শাখা যুবদলের সভাপতি আবু সুফিয়ান ও জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য আবু তালেব।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম প্রথম আলোকে জানান, আজ বিকেলে শান্তিনগর কাঁচাবাজার এলাকায় অর্থের বিনিময়ে ভোটারদের কাছ থেকে ভোট কেনার চেষ্টার সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছে ২৭ হাজার টাকা পাওয়া যায় বলেও দাবি করেন তিনি।

আরও জানতে পড়ুন: