ভোটারদের 'টাকা বিতরণের' সময় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তিন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা ভোটারদের মধ্যে ‘টাকা বিতরণ’ করছিলেন। তারা বিএনপি ও যুবদলের কর্মী। গতকাল রোববার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. মাসুদ, মো. আলাউদ্দিন ও ফিরোজ মিয়া। তাদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের ভাষ্যমতে, রমনা থানা এলাকার নয়াটোলা ৪০ ঘর বস্তিতে গতকাল মধ্যরাতে মো. মাসুদকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে ১৫ হাজার টাকা পাওয়া গেছে। তিনি ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আমির হোসেনের সমর্থক। শেখ আমির হোসেন বিএনপি-সমর্থিত। তাঁর পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিলেন মাসুদ।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলামের দাবি, হাজারীবাগের গণকটুলি এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণের সময় মো. আলাউদ্দিনকে আটক করে পুলিশ। তাঁর কাছে ২৫ হাজার ৫০০ টাকা পাওয়া গেছে। তিনি হাজারীবাগ থানা যুবদলের সহ-সভাপতি।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর আলম সরকারের দাবি, খিলক্ষেত থানার মধ্যপাড়া এলাকায় আজ সোমবার ভোরে ভোটারদের মধ্যে ‘টাকা বিতরণের’ সময় ফিরোজ মিয়াকে আটক করা হয়েছে। তাঁর কাছে সাড়ে ১৫ হাজার টাকা পাওয়া গেছে। তিনি বিএনপির কর্মী।