ভোটের ককটেলে আঙুল হারাল শিশু শিক্ষার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সন্ত্রাসীদের ফেলে রাখা ককটেল বিস্ফোরণে ডান হাতের পাঁচ আঙুল হারাল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুজন মিয়া (১৩)। এ ছাড়া ককটেলের স্প্লিন্টারে কপালে আঘাত লেগেছে তার।

সুজন আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে নামুজা চৌমুহনী মসজিদ পাড়া এলাকার নির্মাণাধীন একটি বাসার ছাদে খেলতে যায়। সেখানে পরিত্যক্ত একটি ককটেল নাড়াচাড়া করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সুজন মিয়াকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নামুজা মসজিদ পাড়ার লালু মিয়ার ছেলে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান রেজাউল আলম বলেন, বিস্ফোরণে শিশুটির ডান হাতের মধ্যমা আঙুল সম্পূর্ণ এবং অন্য চার আঙুলের প্রায় অর্ধেক অংশ করে উড়ে গেছে। এ ছাড়া স্প্লিন্টারের আঘাতে তার বাঁ কপালে আঘাত লেগেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে বাঁ চোখ।
সুজনের বড় ভাই সুমন হোসেন জানান, গত শনিবার নামুজা ইউপি নির্বাচনে নির্মাণাধীন ওই বাড়ির ছাদে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের আনাগোনা ছিল। নির্বাচনকে কেন্দ্র করে কোনো পক্ষ বাড়ির ছাদে ককটেল এনে রেখেছিল। কিন্তু আমার ছোট ভাই খেলনা বল ভেবে তা হাতে নিতেই বিস্ফোরিত হয়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কোনো পক্ষ ককটেলটি সেখানে ফেলে রেখেছিল। খেলনা বল ভেবে হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় তা বিস্ফোরিত হয়ে সুজন আহত হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে রোববার রাত সাড়ে আটটা পর্যন্ত কেউ থানায় মামলা দেয়নি। ককটেলটি সেখানে কীভাবে গেল, পুলিশ তা তদন্ত করে দেখছে।