ভোটের গোলমালে পড়ে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে এসে দুই মেম্বার প্রার্থীর সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে পড়ে এক বৃদ্ধ মারা গেছেন। ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধের নাম সৈয়দ আহম্মেদ (৬৫)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের ধাওয়া দেয়। ওই কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন সৈয়দ আহম্মেদ। ধাওয়ার মধ্যে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ফরিদউদ্দিন চৌধুরীর ভাষ্য, মাথায় আঘাতের কারণে সৈয়দ আহম্মেদ মারা যান।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ নাসিম আহমেদ বলেন, ভোট স্থগিত করা হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিভিন্ন কেন্দ্রে হামলা, দখল, ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইসহ নানা অনিয়মের অভিযোগে ১৬টি কেন্দ্রে ভোট বন্ধ রয়েছে। বেগমগঞ্জ উপজেলায় চারটি কেন্দ্রে ভোট বন্ধ রয়েছে। এসব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।