ভোমরায় ১৩ ট্রাক ভারতীয় মাছ আটক, জরিমানা
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ৪৭ টন সামুদ্রিক ও ৬৫০ কেজি ভারতীয় বোয়াল মাছবোঝাই ১৩টি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার রাত আটটার দিকে শুল্ক ফাঁকি দিতে ঘোষণার অতিরিক্ত মাছ নিয়ে কাস্টমস এলাকা পার হওয়ার সময় বাঁশকল চেকপোস্টে ট্রাকগুলো আটক করে বিজিবি। পরে জরিমানা আদায় করে এসব মাছ ছেড়ে দেওয়া হয়।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নর গণসংযোগ কর্মকর্তা হাবিবুল্লাহ আল বাকী বলেন, সি অ্যান্ড এজেন্ট মোস্তাফা কামালের সুন্দরবন এন্টারপ্রাইজের লাইসেন্স নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসরাইল গাজী অনেক দিন ধরে মাছ, পান ও ফল আমদানি করে আসছেন। গতকাল তিনি মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে সামুদ্রিক ও স্বাদু পানির মাছ আমদানি করেন। ভারতীয় ট্রাক থেকে তা বাংলাদেশের ট্রাকে তোলা হয়। রাত আটটার দিক কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষ করে পণ্য নিয়ে যাওয়া হচ্ছিল ঢাকায়। এ সময় ভোমরা বন্দর এলাকায় বাঁশকল চৌকিতে দায়িত্বরত বিজিবি সদস্যরা এসব ট্রাক আটক করেন। হাবিবুল্লাহ আল বাকী জানান, আটক করা মাছ ভোমরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ইসরাইল গাজী বলেন, পচনশীল পণ্য হিসেবে ঘোষণা ছাড়া চার টন মাছ বেশি ছিল। বিজিবি তা ১০ টন দেখিয়ে কাস্টমসে জমা দিয়েছে।
ভোমরা কাস্টমস সুপার আব্দুল লতিফ জানান, ঘোষণা ছাড়া ১০ টন মাছ আমদানির অভিযোগে ইসরাইল গাজীর কাছ থেকে জরিমানা ও শুল্ক মিলিয়ে মোট ২ লাখ ৩০ হাজার টাকা আদায় করে মাছ ছেড়ে দেওয়া হয়েছে।