ভোরে হামলা, রাতে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট বাসস্ট্যান্ডে সিগারেট বাকি না দেওয়ায় একদল দুর্বৃত্ত সজীব চন্দ্র সাহা (৩০) নামের এক দোকানদারকে গত শুক্রবার ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় সজীব চন্দ্রের বাবা যতীশ চন্দ্র দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দেওয়ায় ওই দিন রাতে তারা (দুর্বৃত্তরা) দোকান কেটে মালামাল চুরি করে নিয়ে গেছে।
যতীশ চন্দ্র বলেন, পৌর শহরের বাসস্ট্যান্ডে তাঁদের পান-সিগারেটের একটি দোকান রয়েছে। দোকানে দিনের বেলায় তিনি এবং রাতে তাঁর ছেলে সজীব বেচাকেনা করেন। পৌর শহরের দক্ষিণ নয়াপাড়া গ্রামের আরমান এবং পশ্চিম নয়াপাড়া গ্রামের শাহীনসহ কয়েকজন দুর্বৃত্ত গত শক্রবার ভোর চারটার দিকে দোকানে এসে সজীবের কাছে সিগারেট বাকি চায়। সজীব তাঁদের আর বাকিতে সিগারেট দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা তাঁর (সজীব) ওপর হামলা করে পেটে ক্ষুরের পোঁচ দেয়। সজীবের চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন সজীবকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় তিনি (যতীশ) আরমান ও শাহীনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজন আসামির বিরুদ্ধে মামলা করেছেন।
এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।