ভোলায় অবাধে চলছে চিংড়ি রেণু বাণিজ্য
ভোলায় জেলেদের ঠকিয়ে অবাধে চলছে রেণু বাণিজ্য। ব্যবসায়ীদের ভাষ্যমতে, মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে প্রতিদিন গড়ে দেড় কোটি রেণু যায় খুলনায়। ব্যবসা চালাতে ক্ষমতাসীন দলের নেতা ও আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়মিত চাঁদা দিতে হচ্ছে বলে তাঁদের অভিযোগ।
জেলা মৎস্য কার্যালয়ের দেওয়া তথ্যমতে, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার ঘেরগুলোতে বছরে প্রায় ১০০ কোটি গলদা ও ২৫০ কোটি বাগদা চিংড়ির রেণু দরকার। ৯৫ শতাংশ গলদা ও ২০ শতাংশ বাগদা আসছে নদী ও সাগর মোহনা থেকে। বাকিটা আসছে হ্যাচারি থেকে।
বিভিন্ন এলাকার ঘের মালিক ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাগদা ও মার্চ থেকে জুন পর্যন্ত গলদা চিংড়ির মৌসুম। বর্তমানে একটি গলদা রেণু সাত থেকে আট টাকায় কেনাবেচা চলছে। তাঁরা জানান, মেঘনা-তেঁতুলিয়া নদী থেকে প্রতিদিন গড়ে দেড় থেকে দুই কোটি রেণু যাচ্ছে খুলনায়।
গত ১৫ দিন ভোলার মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা, বুড়া গৌরাঙ্গ নদী, বিভিন্ন খাল ও সাগর মোহনায় দেখা যায়, জেলেরা সেখানে নিয়মিত মশারি জালে চিংড়ির রেণু ধরছেন। প্রতিবার জালে সাত-আটটি গলদার রেণুর সঙ্গে উঠে আসছে ইলিশ, টেংরা, কোরাল, পোয়া, তপসির পোনা। দরকারি রেণু বাছাই শেষে বাকি পোনা ও জলজ প্রাণী ডাঙায় ফেলে দেওয়া হচ্ছে। এভাবে মশারি জাল, ছাকনি ও চাদর দিয়ে প্রতিদিন এক শ থেকে দুই হাজার রেণু ধরা হচ্ছে বলে জানা যায়।
বোরহানউদ্দিন উপজেলার ইউনিয়নের উত্তর বাটামারা সাতবাড়িয়া গ্রামের আবদুল মালেক বলেন, ‘খিদায়, বাবা খিদায় নদীত যাই, পেত্তেকদিন তিন চাইরশ্য টিয়া আয় কইর্যাণ কোনোরুম সংসার চালাই, নদীত অইন্য মাছ নাই, রেণুই বস্যা (ভরসা)।’
জেলেদের অভিযোগ, খুলনায় একটি রেণু যত টাকাই হোক না তাঁদের দেড়-দুই টাকার বেশি দেওয়া হচ্ছে না। বোরহানউদ্দিনের সাতবাড়িয়ার রেণু ক্রেতা খোকনবলেন, তাঁরা কমিশনের ভিত্তিতে দেড় টাকা করে গলদার রেণু কিনেছেন। সাতবাড়িয়ার আড়তদার আলাউদ্দিন ও দিদার বলেন, খুলনার মোকামে দাম কম। তা ছাড়া পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য কার্যালয়ের লোকজন ঘুষের পরিমাণ বাড়ানোর জন্য দেন-দরবার করছেন।
চরফ্যাশনের কচ্ছপিয়া মাছঘাটে রেণু কিনতে আসা বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আবদুস সালাম খোনকার বলেন, রেণু ধরার পর কয়েক হাত ঘুরে ঘেরের খামারির কাছে বিক্রি হয়। আবার পথে পথে পুলিশ, কোস্টগার্ড ও ক্ষমতাসীনদের চাঁদা দিতে হয়। তাই লাভ কম।
অভিযোগটি জেলার মাসিক আইনশৃঙ্খলার সভায় একাধিকবার উঠেছে। ১৮ মে সভায় ভোলার সাত উপজেলার নির্বাহী ও জেলা সহকারী ম্যাজিস্ট্রেটকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও অপরাধীর সর্বোচ্চ শাস্তি প্রয়োগের সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন বলেন, অপরাধী যেই হোক তাঁকে আইনের আওতায় আনতে হবে।
দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের কর্মকর্তা লে. খালিদ বলেন, গত দুই মাসে ৪ কোটি ৮৫ লাখ রেণু জব্দ করে অবমুক্ত করা হয়েছে। অর্থ গ্রহণের অভিযোগ পেলে দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই কথা বলেন পুলিশ সুপার মনিরুজ্জামান।
বাগেরহাট চিংড়ি গবেষণাকেন্দ্রের প্রধান কামাল উদ্দিন বলেন, মৎস্য গবেষণা ইনস্টিটিউট ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত উপকূলীয় এলাকার নদ-নদীতে একটি জরিপ পরিচালনা করে। জরিপের ফলাফলে দেখা যায়, একটি রেণু আহরণ করতে গেলে চিংড়ির ১১৯টি পোনা, ৩১২ ধরনের প্রাকৃতিক খাবার (প্লাঙ্কটন), ৩১ প্রজাতির সাদা মাছ (অন্যান্য মাছ), ১০০ প্রজাতির জলজ প্রাণীসহ কয়েক হাজার জীববৈচিত্র্য ধ্বংস হয়।
জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, মেঘনা-তেঁতুলিয়া নদী ও সাগর মোহনায় চিংড়ির রেণু শিকার সারা বছরই নিষিদ্ধ। এ ব্যাপারে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য বিভাগের অভিযান চলছে।
জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, রেণুসহ অন্যান্য মাছ ও জলজ প্রাণী সংরক্ষণে সম্মিলিত অভিযান চলবে।