ভোলায় অবৈধ জালে জাটকা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে অবৈধ জাল দিয়ে জাটকা (ছোট ইলিশ) ধরা হচ্ছে। এতে সরকারের জাটকা সংরক্ষণ অভিযান হুমকিতে পড়েছে।
১০ ইঞ্চির ছোট ইলিশ শিকার নিষিদ্ধ। মৎস্য কর্মকর্তারা জানান, আশ্বিন মাসের নির্দিষ্ট সময়ে মা-ইলিশ নদীতে ডিম ছাড়তে আসে। ডিম ছাড়ার পরিবেশ নির্বিঘ্ন করতে সরকারের মৎস্য অধিদপ্তর গত বছর ১১ দিন নদীতে জাল ফেলা, ইলিশ শিকার, ক্রয়-বিক্রয়, বহন, পরিবহন ও মজুত নিষিদ্ধ করে। ওই ১১ দিন হলো আশ্বিনের পূর্ণিমার তিন দিন আগে থেকে পরের সাত দিন। ওই সময় ছাড়া ডিম থেকে বের হওয়া পোনা
মা-ইলিশ ও জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে মৎস্য অধিদপ্তরের পাশাপাশি প্রশাসন, পুলিশ, র্যাব, কোস্টগার্ডের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধি নিয়োজিত আছেন। তার পরও জাটকা ইলিশে পরিণত হচ্ছে না।
ঢাকা-ভোলা নৌপথে লঞ্চযোগে যাওয়া-আসার পথে দেখা যায়, হাজার হাজার নৌকায় জেলেরা অবৈধ কারেন্ট জাল ও পাইজাল দিয়ে জাটকাসহ ছোট মাছ শিকার করছেন। এ ছাড়া ভোলার উত্তরে কানিবগার চর, ভোলাচর, গাজীপুর, মধুপুর, কাচিয়াচর থেকে সাগর মোহনার তারুয়ার চর পর্যন্ত শতাধিক ডুবোচর ঘিরে শত শত মশারি ও বেহুন্দি জাল দিয়ে শিকার করা হচ্ছে রেণু পোনা। এসব জালে শিকার হওয়া জাটকার দৈর্ঘ্য এক থেকে চার ইঞ্চি। সেই জাটকা গ্রামের হাটে-বাজারে ভাগা দিয়ে বিক্রি করা হচ্ছে। এক ভাগায় ৫০০-৬০০টি জাটকা ৪০-৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
রাজাপুর চডার মাথা মাছঘাটের আড়তদার আমির হোসেন মাঝি বলেন, ইলিশের পোনাগুলো এত ছোট যে ঢাকা-চাঁদপুর, ভোলা ও বরিশালের কোনো পাইকার কেনেন না। স্থানীয় পাইকারেরা এক ঝুড়ি জাটকা কেনেন ২০০-৩০০ টাকায়। এক ঝুড়িতে যে পরিমাণ জাটকা থাকে, সেগুলোর একেকটির ওজন আধা কেজি হলে মোট ওজন ১০ টন হবে।
বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতির ভোলা জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বলেন, ভোলার নদীতে পাতা বেহুন্দি, মশারি, চরঘেরা, পাইজালসহ সব অবৈধ জাল অপসারণ করা হলে ভোলায় বছরে ৮০০ কোটি টাকার মাছ উৎপাদন করা সম্ভব।
সদর উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী বলেন, প্রচুর মশারি, চরঘেরা, বেহুন্দিসহ কারেন্ট জাল দিয়ে মেঘনায় জাটকা ধরা হলেও আইন প্রয়োগকারী সংস্থার তেমন কোনো অভিযান নেই।
ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ হালদার বলেন, জাটকা সংরক্ষণে অনেকগুলো বিভাগ কাজ করলেও তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। ফলে বিচ্ছিন্ন কিছু অভিযান হলেও ফলপ্রসূ হচ্ছে না। মা-ইলিশ প্রজনন মৌসুম ও জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে হলে চেয়ারম্যান-মেম্বারদের সম্পৃক্ত করতে হবে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, অভিযানে যে পরিমাণ খরচ হয়, সে অনুসারে বরাদ্দ পাওয়া যাচ্ছে না।
পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে পুলিশ নদীতে অভিযান চালাতে পারছে না। ডিবি পুলিশ দু-একটি অভিযান চালালেও কোনো বরাদ্দ নেই। বরাদ্দ পেলে অভিযান বাড়ানো যেত।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, জাটকা সংরক্ষণ নিয়ে প্রতিনিয়ত দায়িত্বশীল ব্যক্তিদের বলা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত নদীতে পাঠানো হচ্ছে।