ভোলায় অস্ত্রসহ ১৫ জলদস্যু আটক
ভোলায় কোস্টগার্ডের একটি দল সাগরে অভিযান চালিয়ে অস্ত্র ও মালামাল জব্দসহ জলদস্যু বাহিনীর ১৫ সদস্য আটক করেছে। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের দক্ষিণাঞ্চলীয় কমান্ডারের পক্ষে লেফটেন্যান্ট কমান্ডার তানভীর হোসেন ভুঁইয়া এ তথ্য জানান।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট এ এম রাহাতুজ্জামানের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার সাগরের কুয়াকাটার মহিপুরে অভিযান চালিয়ে ১৫ জলদস্যুকে আটক করে। আটক ব্যক্তিরা হলো: বরগুনা সদরের মো. আবুল বাশার (৩৬), লক্ষ্মীপুর কমলনগরের মো. ইব্রাহিম (২৫), রামগতির আ. আহাদ (৩৫), মো. বশির (৩০), মো. নজরুল ইসলাম (২৩), বান্দরবানের লামার মনসুর আলম (৫৫), চট্টগ্রামের পাহাড়তলীর লক্ষ্মণ দাশ (৬০), বাঁশখালীর মো. চুন্নু (২৭), মো. হারুন, মো. নেদারুল হক (৪৭), তাম্বুল বাজারের মো. ওয়াসিম (২৮), কক্সবাজার পেকুয়ার মো. হামির আলী (৫০), ভোলার দৌলতখানের মো. নুরুন্নবী (৩০), বরিশাল বুয়ালিয়ার মো. সিদ্দিক (৩০) ও পটুয়াখালী বাউফলের মো. মুরাদ (৩৭)।
এ সময় তাদের সঙ্গে থাকা এফভি ট্রলার থেকে দুটি লোহার হুক, চারটি কাঠের মুগুর, চারটি চাপাতি, তিনটি শাবল, ৩৫টি জাল, ১৩০টি বরফ, ৩০০ লিটার ডিজেল, ১০০ কেজি চাল, দুটি জেনারেটর ও তিনটি তেলের পাম্প জব্দ করা হয়েছে।