ভোলায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলায় ছাত্রদলের এক নেতাকে গত সোমবার কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। ওর্য়াড আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ওই দিন তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
এদিকে, গোপালগঞ্জে নিখোঁজের ছয় দিন পর গতকাল বুধবার এক বৃদ্ধের লাশ ভাসমান অবস্থায় নদী থেকে উদ্ধার করা হয়েছে।
চরফ্যাশনে নিহত ব্যক্তির নাম হারুন অর রশিদ (২৮)। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলেন। ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ কিবরিয়া ও নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, ইউনিয়নের আলনূর মসজিদে গত রোববার আরাফাত রহমান কোকোর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে যোগ দেওয়ার অপরাধে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন ও তাঁর বাহিনী ধারালো অস্ত্র দিয়ে সোমবার রাতে মাদ্রাসার সামনে চৌরাস্তা বাজারে প্রকাশ্যে হারুন অর রশিদকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় হারুনের মা ছেলেকে বাঁচাতে এলে তাঁকেও পিটিয়ে জখম করা হয়। তাৎক্ষণিক হারুনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ভোলা, বরিশালে চিকিৎসা দেওয়া হয়। সব শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। মঙ্গলবার দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।
এ বিষয়ে কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
নুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মাস্টার বলেন, মুঠোফোন চুরি নিয়ে হারুনের সঙ্গে কামালের বিরোধ চলছিল। তারই জের ধরে কামাল ও তাঁর লোকজন হারুনকে পিটিয়ে জখম করেছে। এটি কোকোর মিলাদ মাহফিলে যোগ দেওয়া বা রাজনৈতিক কোনো বিষয় নয়।
ভোলার চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিখোঁজের ছয় দিন পর গোপালগঞ্জের হিরণ ইউনিয়নের ঘাঘরকান্দা এলাকার ঘাঘর নদ থেকে গতকাল আবদুল মজিদ শেখ (৭০) নামের একজনের লাশ উদ্ধার করে পুলিশ। আবদুল মজিদ একই ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামের বাসিন্দা। তাঁর মৃতদেহটি বাড়ি থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার দূরের নদ থেকে উদ্ধার করা হয়।
মজিদের স্ত্রী সাহিদা বেগম জানান, গত বৃহস্পতিবার মজিদ শেখ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। গতকাল দুপুরে ঘাঘর নদে মৃতদেহটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, লাশের বাম চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।