ভোলায় বিক্ষোভের মুখে আ.লীগ নেতা মুক্ত, আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর বিক্ষোভের মুখে ঘণ্টা খানেকের মধ্যে তাঁকে ছেড়ে দেয় পুলিশ। অবশ্য ওই রাতেই তাঁকে আবার গ্রেপ্তার করা হয়।
ওই নেতার নাম মিজানুর রহমান। তিনি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান ও মঙ্গল শিকদার বাজার কমিটির সভাপতি নুরনবীসহ কয়েকজনের বিরুদ্ধে গাছ লুটের অভিযোগে ২০১৪ সালে বন বিভাগ মামলা করে। পরে আদালত ওই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহতাব ও মিঠুনসহ একদল পুলিশ মঙ্গল শিকদার বাজারে ওই দুজনকে গ্রেপ্তার করতে যায়। এ সময় মাগরিবের নামাজ পড়ে মিজানুর বের হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মিজানুরকে নিয়ে পুলিশ থানার দিকে রওনা দেয়। আর পুলিশের ওই দলের কয়েকজন সদস্য নূরনবীকে ধরতে তাঁর সারের দোকানে গেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছুসংখ্যক লোক তাঁদের ঘেরাও করেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন পুলিশ সদস্যদের কিল-ঘুষি মেরে জখম করে নূরনবীর সারের আড়তে অবরোধ করে রাখেন। এ অবস্থায় প্রায় এক ঘণ্টা পর রাত আটটার দিকে মিজানুর রহমানকে মাঝপথে ছেড়ে দেওয়া হয়। পুলিশ আসামি ছাড়াই থানায় ফিরে যায়। তবে গতকাল ভোররাতে অভিযান চালিয়ে ফের মিজানুরকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাকে ‘গুজব’ বলে দাবি করলেও ভোলা পুলিশ সুপার মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মিজানুরকে ফের রাতে গ্রেপ্তার করা হয়। বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেদায়াতুল ইসলাম বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোতালেব মিয়ার ছেলে মিজানুর। মিজানুর কখনোই বন বিভাগের গাছ লুট করতে পারে না। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।