ভোলার ভাটাগুলোতে পোড়ানো হচ্ছে কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার ইটভাটাগুলোতে জ্বালানি কাঠ, ফার্নেস ওয়েল, মবিল, সয়াবিন তেলের বর্জ্য ও কাঠের ভুসি পোড়ানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভোলা জেলা প্রশাসনের লাইসেন্স শাখা সূত্র জানায়, জেলায় গত বছর ৭৭টি ভাটা ইট উৎপাদন করছে। সদর উপজেলায় ১৯টি, দৌলতখানে পাঁচটি, তজুমদ্দিনে তিনটি, লালমোহনে আটটি, বোরহানউদ্দিনে ১৫টি, চরফ্যাশনে ২৬টি এবং মনপুরা উপজেলায় একটি ইটভাটা রয়েছে। ২৯টি ভাটার পরিবেশের ছাড়পত্র থাকলেও ২০টি ভাটায় জিগজ্যাগ কিল্ন (আঁকাবাঁকা চুল্লি) ও দুটিতে স্বয়ংক্রিয় ভাটা রয়েছে, যেগুলো পরিবেশসম্মত; বাকিগুলো স্থায়ী ও ড্রামের চিমনি।
সরেজমিনে দেখা গেছে, বোরহানউদ্দিন উপজেলার ব্রাদার্স অটোব্রিকসে কয়লা, ফার্নেস ওয়েল, মবিল, কাঠের ভুসি ও কাঠ একসঙ্গে মিশিয়ে ইট পোড়ানো হচ্ছে। সেখানে শুধু কয়লা পোড়ানোর কথা। উপজেলার উদয়পুর রাস্তার এসএনএস ব্রিকসে গিয়ে দেখা যায়, ভাটার শ্রমিকেরা তিন মণ কয়লার মধ্যে ২০ কেজি ধানের কুড়া ও দেড় মণ সয়াবিন তেলের বর্জ্য মিশিয়ে ইট পোড়াচ্ছেন। এক সপ্তাহ ধরে একাধিক পরিবেশসম্মত ইটভাটায় গিয়ে একই চিত্র দেখা যায়।
এসএনএস ব্রিকসের মালিক জসিম উদ্দিন বলেন, কয়লার সংকটে তিনি এ পদ্ধতি ব্যবহার করে ইট পোড়াচ্ছেন। এভাবে ইট পোড়াতে গিয়ে লাভের পরিবর্তে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। তার পরও কয়লা আসবে সেই আশায় এবং বাজারের ঋণ পরিশোধের জন্য এ পদ্ধতি ব্যবহার করছেন বলে তিনি জানান।
একই ধরনের কথা বলছেন অন্য কয়েকটি ভাটার মালিকেরাও। তাঁরা গত ১৮ নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গিয়ে কাঠ পোড়ানোর অনুমতি চেয়েছিলেন। অনুমতি না পেয়েও পরিবেশসম্মত ভাটার পাশাপাশি একচেটিয়া কাঠ পোড়াচ্ছে জেলার বাকি ৫৫টি স্থায়ী ও ড্রাম চিমনির ভাটা। বোরহানউদ্দিন উপজেলার মিহান ও স্বর্ণা, দৌলতখানের দৌলতখান ব্রিকস এবং চরফ্যাশনের মেসার্স এ আলী ব্রিকসে দেখা যায়, হাজার হাজার মণ জ্বালানি কাঠ স্তূপ করা হয়েছে। জানতে চাইলে মিহান ব্রিকসের মালিক নকিব হাওলাদার, স্বর্ণার ব্যবস্থাপক রুহুল আমিনসহ একাধিক মালিক বলেন, অতিরিক্ত দাম দিয়েও কয়লা পাচ্ছেন না তাঁরা। তাই বাধ্য হয়ে কাঠ পোড়াচ্ছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত বছরগুলোতে ভোলার এসব ভাটায় সামনে কয়লা সাজিয়ে পেছনে কাঠ পোড়ানো হতো, এ বছরও কয়লা ছাড়াই কাঠ পোড়ানো হচ্ছে। তারা সব সময়ই কাঠ পুড়িয়ে ইট বানায়।
এসব ভাটার অন্তত ২০ জন শ্রমিক জানান, ১ লাখ ইট পোড়াতে গড়ে ২ হাজার মণ কাঠ পোড়ানো হচ্ছে। এক মৌসুমে একটি ভাটায় গড়ে ৩০ লাখ ইট পোড়ানো হচ্ছে। ৭৭টি ভাটায় গড়ে ইট উৎপাদন হচ্ছে ২৩ কোটি ১০ লাখ। সেসব ইট পোড়াতে ৬২ হাজার ২০০ কোটি মণ কাঠ ব্যবহার হচ্ছে। সাবেক ইটভাটা ব্যবসায়ী ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মাহবুবুল আলম এ তথ্য সঠিক বলে নিশ্চিত করেছেন।
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সুকুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘ইটভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণ অবৈধ; কয়লা দিয়েই ইট পোড়াতে হবে। তবে ভাটায় আগুন জ্বালানোর শুরুতে সামান্য কাঠ আমরা অনুমোদন করি। যদি কেউ আইন অমান্য করে তবে তাঁকে শাস্তির আওতায় আসতে হবে।’
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী, ভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার হয়, তাহলে আদালত অনধিক তিন লাখ টাকা ও তিন বছরের কারাদণ্ড প্রদান করতে পারবেন। ভোলার ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে জ্বালানি কাঠ পোড়ানোর দায়ে ভাটাপ্রতি ৮ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ১৩টি ভাটাকে জরিমানা করা হয়।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা বলেন, ভাটায় কাঠ পোড়ানোর কোনো বৈধতা নেই। দেশে কয়লা থাকুক না-থাকুক, কাঠ দিয়ে ইট পোড়ালে শাস্তির আওতায় আসতে হবে।