ভোলায় গৃহকর্ত্রীর মারধরে আহত গৃহকর্মী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলায় সাফিয়া সাথি নামের এক গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। হাসপাতালের বিছানায় শুয়ে আছে আহত সাফিয়া। ভোলা, ২৮ এপ্রিল। ছবি: প্রথম আলো
ভোলায় সাফিয়া সাথি নামের এক গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। হাসপাতালের বিছানায় শুয়ে আছে আহত সাফিয়া। ভোলা, ২৮ এপ্রিল। ছবি: প্রথম আলো

ভোলায় এক গৃহকর্মীকে মারধরের অভিযোগে গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হওয়ার পর পালিয়েছেন ওই গৃহকর্ত্রী। আর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে ১৪ বছর বয়সী ওই গৃহকর্মী।

হাসপাতালে ভর্তি গৃহকর্মীর নাম সাফিয়া সাথি। ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বালু ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম ওরফে রফিক হাজীর স্ত্রী পাখি বেগম তাকে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় সাফিয়ার বাবা লাল মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে রফিক হাজী ও তাঁর স্ত্রীকে। মামলার পর থেকেই পলাতক আছেন তাঁরা।

মামলার এজাহারে বলা হয়েছে, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাসিন্দা লাল মিয়া পেশায় একজন কৃষক। তাঁর চার মেয়ে। সংসারের অভাব-অনটনের কারণে লাল মিয়া তাঁর সেজ মেয়ে সাফিয়া সাথিকে গৃহকর্মীর কাজে দেন। ১১ মাস আগে রফিক হাজীর বাসায় কাজ শুরু করে সাফিয়া। কাজ শুরুর পর থেকেই রফিকের স্ত্রী পাখি বেগম কারণে-অকারণে সাফিয়াকে মারধর করতেন। বিষয়টি কাউকে বললে চুরির অপবাদ দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো শিশুটিকে। পুলিশের ভয়েই মুখ বুজে নির্যাতন সহ্য করেছে সে। গতকাল শুক্রবার কাজ করতে দেরি হওয়ায় পাখি বেগম লোহার খুন্তি গরম করে সাফিয়ার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন। এ সময় পাথরের নোড়া দিয়ে তার মাথায় আঘাত করা হয় এবং মাথার চুল কেটে দেওয়া হয়। পাথরের আঘাতে মাথা ফেটে গেলে সাফিয়া অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে জ্ঞান ফিরলে পালিয়ে পাশের বাড়িতে চলে যায় সে। স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এখন সাফিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছে।

হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু সাফিয়ার মাথায় ব্যান্ডেজ ও শরীরে পোড়া দাগ। যন্ত্রণায় কাতরাচ্ছিল সে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুটির অবস্থা গুরুতর। তার উন্নত চিকিৎসা দরকার।

ভোলা জেলা বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সহসভাপতি আদিল হোসেন বলেন, শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করা দরকার। এ ছাড়া আসামিদের গ্রেপ্তার করা জরুরি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার প্রথম আলোকে বলেন, গৃহকর্মী সাফিয়ার ওপর নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।