ভোলায় ছেলের হাতে বাবা খুনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর-আনন্দ পার্ট-৩ গ্রামের আবদুল মুনাফ মাঝি (৫১) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ভোরে মারা গেছেন।

গত বুধবার দুপুরে আবদুল মুনাফের বড় ছেলে আবু সাঈদ মাঝি জমিজমা ও গাছ কাটা নিয়ে বিরোধের জেরে তাঁর বাবাকে শাবল (খন্তা) দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন আবদুল মুনাফ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, এ ঘটনায় গতকাল শনিবার মুনাফের মেজো ছেলে আবদুর রব বাদী হয়ে হত্যা মামলা করেছেন।

গত বুধবার দুপুরে মুনাফ মাঝির বড় ছেলে আবু সাঈদ ও ছোট ছেলে মো. ইমরানের ঝগড়া হয়। এ সময় মুনাফ মাঝি তঁাদের ঝগড়া থামাতে গেলে বড় ছেলে আবু সাঈদ তাঁকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাঁকে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।