ভোলায় ডিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাকির হোসেন ওরফে বাবা জাকির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিলেন বলে দাবি করেছে ডিবি। আজ মঙ্গলবার ভোররাত পৌনে চারটার দিকে ভোলার সদর উপজেলার বাঘমারা সেতুর কাছে বাঁধের ওপর বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে।

এ সময় পুলিশ একটি দেশীয় বন্দুক, পাঁচটি গুলি, পাঁচটি দা, নগদ ৩ হাজার ৭৭০ টাকা ও ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

ডিবি পুলিশের পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী জাকির হোসেন (৫২) নিহত হয়েছেন৷ এ সময় ডিবি পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুম, পুলিশ সদস্য মোরসেদুল ইসলাম, মিনার হোসেন, জাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত জাকিরের লাশ ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, জাকির হোসেন ভোলার উত্তর দিঘলদী ইউনিয়নের গজারিয়া এলাকার মৃত মো. সাদেকের ছেলে৷ জাকির হোসেনের নামে হত্যা, চাঁদাবাজি, মাদক, অস্ত্রসহ ১৯টি মামলা রয়েছে। পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন।

গতকাল সোমবার দিবাগত গভীর রাতে কয়েকজন মাদক ব্যবসায়ী বাঘমারা এলাকায় মাদক বণ্টন নিয়ে বৈঠক করেন। এ সময় তাঁদের নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গোপন সংবাদ পেয়ে আজ ভোররাত পৌনে চারটার সময় বাঘমারা বেড়িবাঁধ এলাকার দুদিক দিয়ে পুলিশ মাদক ব্যবসায়ীদের ঘোরাও করে। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর গুলি ছোড়েন। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা বন্দুকযুদ্ধে ৩৫টি গুলিবিনিময় হয়। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যান। গুলিবিদ্ধ হন জাকির হোসেন।