ভোলায় দলিল লেখক ও ব্যবসায়ীকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় জমির দলিল ও দাবি করা চাঁদা না দেওয়ায় গত ৩০ মে রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখক মো. মহসিন শিকদারকে রেজিস্ট্রি অফিসের এক দালাল রড দিয়ে পিটিয়ে জখম করেছেন।

একই দিন সদর উপজেলা ভূমি অফিসের সামনে ব্যবসায়ী হ‌ুমায়ূন কবির ওরফে জুয়েলকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। তিনি এখন ভোলা সদর হাসপাতালের ২ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

গতকাল বুধবার মহসিন শিকদার বাদী হয়ে ভোলা সদর থানায় মামলা করেছেন। পুলিশ মামলার একমাত্র আসামি দালাল হাসান শহীদ ওরফে সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে।

বাদী মহসিন শিকদার মামলার এজাহারে লিখেছেন, হাসান শহীদ একজন কম্পিউটার প্রিন্টিং ব্যবসায়ী ও রেজিস্ট্রি অফিসের দালাল। তিনি ভোলার প্রভাবশালীদের আত্মীয় হওয়ায় দীর্ঘদিন যাবৎ দলিল লেখকদের ওপর অত্যাচার করে আসছেন। তাঁর কম্পিউটারের দোকানে দলিল কম্পোজ করতে বাধ্য করছেন এবং বেশি টাকার দলিল দেখলে হাসান শহীদ জোর করে সেই দলিল রেজিস্ট্রির দায়িত্ব (দালালি) নিচ্ছেন। দলিল রেজিস্ট্রি করলে বড় ধরনের কমিশন নেন হাসান।

গত মঙ্গলবার দলিল লেখক মহসিন শিকদার ৩ লাখ ৩২ হাজার টাকার একটি দলিল কম্পোজ করাতে যান। হাসান দলিল রেজিস্ট্রির দায়িত্ব দাবি করেন। না দেওয়ায় মহসিনকে কথা-কাটাকাটির রেশ ধরে রড দিয়ে আঘাত করে আহত করেন।

তবে হাসান শহীদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, মহসিনের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। সে সময় তিনি মহসিনকে ধাক্কা দিয়েছিলেন। এ সময় পড়ে যেতে পারে। কিন্তু রড দিয়ে আঘাত করেননি বলে দাবি করেন।

এদিকে ভোলা সদর হাসপাতালের ২ নম্বর কেবিনে চিকিৎসাধীন হ‌ুমায়ূন কবির বলেন, তিনি মো. শাহিনের কাছে ৫ লাখ টাকা পাওনা আছেন। ওই টাকা ফিরে পাওয়ার স্বার্থে ভোলা প্রেসক্লাবে সালিস বসে। সালিসে যাওয়ার সময় ভূমি অফিসের সামনে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে রাস্তায় ফেলে দেয়। হামলাকারীদের মধ্যে বিপ্লব ও মনিরকে তিনি চিনেছেন। তিনি সুস্থ হয়ে মামলা করবেন বলে দাবি করেন।