ভোলায় নববধূকে অপহরণে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা?
ভোলার সদর উপজেলায় এক নববধূকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অপহরণে ব্যর্থ হয়ে মুখে বিষ ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ভোলা কলেজের ছাত্র মো. আরিফুর রহমান হাওলাদারসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরিফুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরিফ স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র। বাড়ি চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নে। তাঁর বাবা ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
এজাহারে উল্লেখ করা হয়েছে, আট দিন আগে সদর উপজেলার ওই নারীর বিয়ে হয়। বিয়ের তিন দিন পর নববধূ বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার পূর্বপরিচিত আরিফুর রহমান মুঠোফোনে তাঁকে সদর উপজেলার বাঘমারা সেতুর ওপর গিয়ে দেখা করতে বলেন। তিনি সেখানে গেলে আরিফ ও তাঁর বন্ধুরা নববধূকে অপহরণের চেষ্টা করেন। কিন্তু আশপাশের লোকজন চলে আসায় তাঁরা নববধূর মুখে বিষ ঢেলে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন নববধূকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। তিনি সেখানে চিকিৎসাধীন।
নববধূর মা বলেন, আরিফ সদর উপজেলার বাংলাবাজার এলাকায় তাঁর নানার বাড়িতে থেকে ভোলা সরকারি কলেজে পড়াশোনা করেন। এই সুবাদে তাঁর মেয়ের সঙ্গে পরিচয় হয়। এই সূত্র ধরে আরিফ নানা সময় তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে আরিফ পরিবারের কাছে বিয়ের প্রস্তাব পাঠান। তাঁকে অভিভাবক নিয়ে আসতে বলা হয়। এতে তিনি ব্যর্থ হন। পরে তাঁরা বাধ্য হয়ে মেয়েকে অন্যখানে বিয়ে দেন। এর জেরে তাঁর মেয়েকে হত্যার চেষ্টা চালানো হলো।
আরিফুরের বাবা ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার বলেন, ওই মেয়ের সঙ্গে আরিফের কোনো প্রেম ছিল না। সামান্য পরিচয় ছিল। নববধূ মেয়েটি শ্বশুরবাড়ি থেকে ফিরে এসে মুঠোফোনে আরিফকে দেখা করতে বলেন। মেয়েটি আরিফকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু আরিফ পালিয়ে না যাওয়ায় মেয়েটি তাঁর হাতে রাখা বিষ পান করেন।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, আরিফুরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সৌরভ নামের আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।