ভোলায় বিদ্যালয়ের জমি দখল করলেন প্রধান শিক্ষক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজার বন্ধের সুযোগে ভোলার সদর উপজেলার কন্দ্রকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাঁর আত্মীয় বিদ্যালয়ের জমি দখল করে পাকা ভবন নির্মাণ করছেন। অথচ ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের কোনো পথ নেই।
২ জুলাই সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে পানি ভরা। উত্তর পাশ একটু উঁচু। ওই পাশেই বিদ্যালয় থেকে সড়ক পর্যন্ত উঁচু পথ রয়েছে। সেই পথের মুখে সড়কসংলগ্ন স্থানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল এসেম ১৫০ বর্গফুটের মতো একটি পাকা ভবন তুলছেন। এ ছাড়া তাঁর চাচাশ্বশুর আবদুর রশিদ চৌকিদার বিদ্যালয়ের জায়গা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ দখল করে ১২০ বর্গফুটের মতো আরেকটি পাকা ভবন তুলছেন।
উপজেলার রাজাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাকের মৃধা বলেন, প্রধান শিক্ষক তাঁর শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করে যাচ্ছেতাই করছেন। তাঁর চাচাশ্বশুর ইমাম হোসেন চৌকিদার কমিটির সভাপতি। কমিটির বাকি সদস্যদের বেশির ভাগ আত্মীয়। প্রধান শিক্ষক রোজার বন্ধের সুযোগে ছাত্রদের যাতায়াতের পথ দখল করে সেই পথেই দোকানঘরের জন্য ভবন তুলছেন। আর তাঁর চাচাশ্বশুর আবদুর রশিদ চৌকিদার বিদ্যালয়ের জমি ও পাউবোর বাঁধ দখল করে পাকা ভবন তুলছেন। সেখানে দোকানঘর করবেন।
বিদ্যালয়ের সভাপতি ইমাম হোসেন চৌকিদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষককে তিনি পথের মধ্যে ঘর তুলতে বাধা দিয়েছিলেন। কিন্তু তিনি তা শোনেননি। তাঁর ইচ্ছেমতোই বিদ্যালয় পরিচালনা করছেন।
প্রধান শিক্ষক আবুল এসেম বলেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন জনে অপপ্রচার চালাচ্ছেন, যা সত্য নয়। তিনি আরও বলেন, বিদ্যালয়ের নতুন ভবন তৈরির সময় পুরোনো ভবন ভেঙে ফেলা হয়। ওই সময় পুরোনো ভবনের একটা অংশ তিনি ঠিকাদারের কাছ থেকে কিনে রেখেছেন। ওই অংশটি তিনি বর্ধিত করে দোকান বানাচ্ছিলেন। কিন্তু শিক্ষা কর্মকর্তা নিষেধ করায় বর্ধিত অংশ তিনি ভেঙে ফেলেছন। আর আবদুর রশিদকেও দোকানঘরের জন্য ভবন নির্মাণ করতে নিষেধ করেছেন। কিন্তু তিনি তা শোনেননি।
আবদুর রশিদ বলেন, তিনি বিদ্যালয়ের জমি নয়, সরকারি জমিতে দুটি কক্ষের (১২০ বর্গফুট) সমান ভবন তুলছেন।
ভোলা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘প্রধান শিক্ষক ও তাঁর শ্বশুরকে ভবন নির্মাণ বন্ধ করতে বলেছি। আর অন্যান্য অভিযোগের লিখিত প্রতিবেদন বিভাগীয় তদন্তের জন্য ওপরে পাঠিয়েছি।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল আখতার বলেন, পাউবোর জমি ব্যবহার ও ভবন নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। তবে অনুমতি নিয়ে ব্যবহার করতে পারলেও কোনো ভবন নির্মাণ করা যাবে না।