ভোলা সদর উপজেলার চর সামাইয়্যা ইউনিয়ন যুবদলের কমিটি গঠন নিয়ে জেলা যুবদলের দুই পক্ষের মধ্যে গত মঙ্গলবার রাতে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ভোলা সদর হাসপাতাল ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এসব ঘটনায় কেন্দ্রীয় যুবদল বর্তমান আহ্বায়ক কমিটি অনুমোদন না দিয়ে পূর্বের মেয়াদোত্তীর্ণ পূর্ণাঙ্গ কমিটি বহাল রেখে চিঠি দিয়েছে। ওই কমিটি তিন বছরের মেয়াদে ২০০৮ সালে গঠিত হয়। ওই কমিটির সভাপতি ইয়ারুল আলম লিটন, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন ও সহসভাপতি জামাল উদ্দিন লিটন।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব বলেন, ভোলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি এখনো বহাল আছে। কোনো আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়নি।
ভোলা যুবদলের একাধিক নেতার ভাষ্য, পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ শেষ হওয়ার পরই যুবদলে বিরোধ সৃষ্টি হয়। পরে স্থানীয় জেলা বিএনপির নির্দেশে ২০১৫ সালে একটি আহ্বায়ক কমিটি গঠন হয়। ওই কমিটিতে তরিকুল ইসলাম খানকে আহ্বায়ক, মো. কবির হোসেন সদস্যসচিব ও জামাল উদ্দিন লিটনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এই আহ্বায়ক কমিটি গঠনের পর থেকেই যুবদলের বিরোধ চরম রূপ নেয়। একপক্ষে তরিক-কবির। অন্যপক্ষে জামাল-সেলিম।
প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে ভোলা সদর রোডের যুবদল অফিসের সামনে দুই পক্ষের মধ্যে উপজেলার চর সামাইয়্যা ইউনিয়ন যুবদলের কমিটি গঠন নিয়ে বাগ্বিতণ্ডা হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে জেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপে সমঝোতা হয়। ওই সময় বিবাদমান দুই পক্ষকে যুবদল কার্যালয়ে যেতে নিষেধ করেন বিএনপির নেতারা।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা আরও বলেন, রাত সাড়ে আটটার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জামাল-সেলিম পক্ষ তরিক-কবির পক্ষের ওপর হামলা করে। কিছুক্ষণ পর তরিক-কবির পক্ষ পাল্টা হামলা করলে প্রায় এক ঘণ্টা ধাওয়া- পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। দুই পক্ষের অনুসারীরা লাঠিসোঁটা ও রড নিয়ে একে অপরের ওপর হামলা করেন। এতে যুবদলের জ্যেষ্ঠ নেতা লিয়াকত হোসেনসহ ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। পরে পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষই ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য বিএনপি ও যুবদলের অফিস ঘিরে রেখেছেন। শহরের মহাজনপট্টি ও কালীনাথ রায়ের বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জামাল উদ্দিন বলেন, ‘মো. কবির হোসেন টাকা নিয়ে ইউনিয়ন কমিটি গঠন করছেন। আমি এর প্রতিবাদ করায় তিনি আমার দিকে তেড়ে আসেন। আর এটা নিয়েই সংঘাতের শুরু।’
মো. কবির হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জামালউদ্দিনের মত বাস্তবায়িত হয়নি বলে দুপুরে কথা-কাটাকাটি হয়। পরে তা মিলে যায়। কিন্তু রাতে তিনি দল ভারী করে আমাদের ওপর অতর্কিত হামলা করেন।’
জেলা যুবদলের সভাপতি ইয়ারুল আলম বলেন, কেন্দ্রের নির্দেশেই তাঁকে আবার দায়িত্ব নিতে হচ্ছে। আহ্বায়ক কমিটি যেসব ইউনিয়ন কমিটি গঠন করেছে, সেগুলোও বাতিল হচ্ছে।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এসব ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে ৷