ভোলায় শ্রমিক-জেলে সংঘর্ষে নিহত ১
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের গঙ্গাপুর খালে (তেঁতুলিয়া নদী থেকে উঠে আসা খাল) শান্তির হাটের কাছে এক জেলের পাতা জাল ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে কার্গোশ্রমিক ও জেলেদের মধ্যে সংঘর্ষে এক জেলে নিহত ও ১০ জন আহত হয়েছেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতনকৃষ্ণ রায় চৌধুরী বলেন, নিহত জেলের নাম লাল মিয়া (৪৫)। তিনি বোরহানউদ্দিন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজয়নগর এলাকার বাসিন্দা। গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে লাল মিয়ার লাশ ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।
ওসি বলেন, কেউ অভিযোগ করেনি, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, সকালে শান্তির হাট এলাকায় তেঁতুলিয়া নদী-সংলগ্ন গঙ্গাপুর খালে জাল পাতেন জেলে লাল মিয়া। ওই সময় তেঁতুলিয়া নদীর উত্তর থেকে আসা সিমেন্টবাহী কার্গো জাহাজ এমভি আল হিজরত বোরহানউদ্দিন শহরে ঢোকার সময় জেলেদের জাল ছিঁড়ে ফেলে। এটি নিয়ে শ্রমিকদের সঙ্গে জেলেদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে স্থানীয় লোকজন যোগ দিয়ে জেলেদের ওপর চড়াও হন এবং দুই পক্ষের সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় কার্গোশ্রমিক আকতার হোসেন মিস্ত্রিসহ শ্রমিকেরা জেলে লাল মিয়াকে পিটিয়ে গুরুতর জখম করেন। এ সময় মো. রিয়াজ (১৬), মো. রাসেল (২১), মো. কামাল (১৪), মো. শাহীন (২৩), তাইজুল ইসলামসহ (১৬) ১০ জন আহত হন। তাঁদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লাল মিয়া মারা যান। এ ঘটনার পর কার্গোশ্রমিকেরা গা ঢাকা দেন।