ভোলায় সমিতির কোষাধ্যক্ষকে কুপিয়ে হত্যা
ভোলায় পদ্মা মার্কেটের দোতলায় কাঁচাবাজার সমিতির কোষাধ্যক্ষ (ক্যাশিয়ার) মো. মুছাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, সমিতির টাকা ছিনতাই করতে আসা দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
তবে হত্যার ঘটনায় গতকাল সোমবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, কোনো মামলাও হয়নি। অপরদিকে মুছা হত্যার প্রতিবাদে কাঁচাবাজারের ব্যবসায়ীরা কালোব্যাজ ধারণ করেছেন।
থানা-পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মুছা প্রতিদিনের মতো বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে সমিতির দৈনিক চাঁদার টাকা তুলে রাতে ১১টার দিকে কাঁচাবাজার সমিতির অফিসকক্ষে হিসাব করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে সমিতির অন্য সদস্যরা এসে কক্ষে মুছার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এদিকে রক্তমাখা চাকুটি মার্কেটের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গতকাল দুপুরে ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় কাঁচাবাজারের ব্যবসায়ীরা জানান, ভোলা কাঁচাবাজারের ব্যবসায়ীদের সমিতির বয়স আনুমানিক ২৪ বছর। এই সংগঠনে মুছা বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় ১৮ বছর ধরে কোষাধ্যক্ষ। তিনি এ পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু তাঁর সঙ্গে কারও কোনো খারাপ সম্পর্ক নেই। সংগঠনের কয়েক কোটি টাকা আছে। ওই টাকা থেকে সমিতির ২১০ জন সদস্যের মাঝে ঋণ দেওয়া হয়েছে। সদস্যরা প্রতিদিন ১০০ থেকে বিভিন্ন অঙ্কের টাকা সঞ্চয় ও কিস্তি হিসেবে জমা দিতেন, যার পরিমাণ প্রায় ৪৫ হাজার টাকা। মুছা ওই টাকা সমিতির অ্যাকাউন্টে জমা রাখতেন। গত ৪ দিন (বুধ-রোববার) সমিতির টাকা তুললেও ব্যাংকে জমা রাখতে পারেনি। ব্যবসায়ীরা আরও বলেন, বাংলা বছরের চৈত্র মাসে সমিতির হিসাব হয়। এ বছরের হিসাব এখনো হয়নি। ওই হিসাব ওলট-পালট করার উদ্দেশ্যেই মুছা খুন হতে পারেন।
এদিকে নিহত মুছার পরিবারে তিনি ছাড়া উপার্জনক্ষম আর কেউ নেই। তাঁর স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
ভোলা থানার ওসি মীর খায়রুল কবির জানান, ধারণা করা হচ্ছে, অর্থসংক্রান্ত কোনো কারণে মুছাকে হত্যা করা হয়েছে। তবে এ ব্যাপারে গতকাল পর্যন্ত কোনো মামলা করা হয়নি।