ভ্যান ছিনতাই করতে গিয়ে চালককে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যান ছিনতাইয়ের জন্য যশোরের অভয়নগর উপজেলার ভ্যানচালক ইমাদুল গাজীকে (২৪) হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মোনায়েম হোসেন (১৮) গত বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিল্টন হোসেনের আদালতে ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বনগ্রামের বাসিন্দা ইমাদুলকে গত রোববার বিকেলে উপজেলার চেঙ্গুটিয়া বাজারের পাশে রেললাইন এলাকায় গলা কেটে হত্যা করা হয়। ইমাদুলের ইঞ্জিনচালিত ভ্যানে যাত্রী বেশে থাকা প্রেমবাগ গ্রামের রাইসুল ইসলাম ওরফে মোয়াজ্জেম (৩০), মোনায়েম ও আলামিন (২০) তাঁকে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আসামি রাইসুলও আহত হন। তিনি পুলিশ হেফাজতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই রোববার রাতে অভয়নগর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় রাইসুল, তাঁর বাবা আবদুল কাদের, মোনায়েম ও আলামিনকে আসামি করা হয়। প্রেমবাগ স্কুলফটকের একটি দোকান থেকে মঙ্গলবার মোনায়েমকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিলন কুমার মণ্ডল বলেন, জবানবন্দিতে মোনায়েম বলেছেন, ঈদ খরচের টাকা যোগাতে ভ্যান ছিনতাইয়ের জন্য তিনজনে ইমাদুলের ভ্যানটি ভাড়া করেন। তাঁরা ইমাদুলকে বুঝিয়ে ভ্যানটি রেললাইনের ওপর নেন এবং ভ্যানটি ছিনতাইয়ের চেষ্টা চালান। ইমাদুল বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়। ইমাদুল অস্ত্র কেড়ে নিয়ে রাইসুলের বুকে আঘাত করেন। এরপর তাঁরা ইমাদুলকে গলা কেটে হত্যা করেন।