ভ্যানচালক হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার
একটি আলমারি ও একটি শোকেস নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্রেতার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন এক রিকশাভ্যানচালক। কাঁচপুর সেতুর আগে ডেমরা এলাকায় পিককাপ ভ্যান আরোহী ছয় দুর্বৃত্ত আসবাব থাকা রিকশাভ্যানের পথরোধ করে। তাদের একজন ভ্যানটি নিয়ে আরেক দিকে চলে যায়। বাকি পাঁচ দুর্বৃত্ত ভ্যানচালককে পিকআপে তুলে, তাঁর হাত-পা গামছা দিয়ে বাঁধে। মুখে গামছা ঢুকিয়ে, স্কচটেপ লাগিয়ে দেওয়া হয়। নির্যাতনের একপর্যায়ে ভ্যানচালক মারা গেলে দুর্বৃত্তরা ডিএনডি বাঁধ এলাকায় লাশ ফেলে পালিয়ে যায়।
গত ২৭ মে দুপুরে অজ্ঞাতপরিচয় হিসেবে উদ্ধার করা হয় ভ্যানচালকের লাশ। পরে প্রযুক্তির সাহায্যে জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম ইদ্রিস হাওলাদার। পাওয়া যায় তাঁর পরিচয়। কিন্তু মামলার কোনো সূত্র মিলছিল না। অবশেষে সিসি ক্যামেরার একটি ফুটেজের সূত্র ধরে পুলিশ একটি পিকআপ ভ্যানকে শনাক্ত করে। জানা যায় হত্যাকারীদের পরিচয়।
গতকাল রোববার ওই হত্যার সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাচ্চু, জয়নাল আবেদীন ও জিয়াউর রহমান। এ সময় তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাওসার আহমেদ বলেন, অনেক চেষ্টার পর সূত্রবিহীন মামলাটির আসামিদের শনাক্ত করা হয়। গতকাল ওয়ারী, শ্যামপুর ও যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সন্দেহভাজন হত্যাকারী গ্রেপ্তার
১৪ আগস্ট ভোরে ডেমরা থেকে মো. জমসের নামে এক অটোরিকশাচালককে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন। ১৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় জমসেরের মৃত্যু হয়।
ডেমরা থানার পুলিশ গতকাল ওই হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে রুহুল আমিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
ডেমরা থানার ওসি কাওসার আহমেদ বলেন, রুহুল আমিন তাঁর আরও কয়েকজন সহযোগীসহ জমসেরের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তাঁর অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যান। হত্যাকারীদের শনাক্ত করে গতকাল সন্ধ্যায় ডেমরার বকুলতলা থেকে রুহুলকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রাথমিকভাবে রুহুল হত্যার কথা স্বীকার করেছেন।