ভ্যানচালককে হত্যা মামলায় গ্রেপ্তার ৪
নীলফামারীতে ভ্যানচালক সুবিত চন্দ্র রায় (২৫) হত্যা মামলার চার আসামিকে গত মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের গতকাল বুধবার কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের বামনডাঙ্গা মাঝাপাড়া গ্রামের নীলচরণ রায়ের ছেলে সুজয় রায় (১৬), আতিয়ার রহমানের ছেলে ফরিদুল ইসলাম (১৬), সুনীল চন্দ্র রায়ের ছেলে কমল রায় (১৭) ও মৃত ফয়েজ ইসলামের ছেলে জাকির হোসেন (১৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের বামনডাঙ্গা এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, গত ৩ জুন রাতে পলাশবাড়ি ইউনিয়নের খলিশাপচা মাডারি পুল এলাকায় ভ্যানচালক সুবিতকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে স্থানান্তর করা হয়। সেখানে ওই দিন রাত ১২টার দিকে তিনি মারা যান। সুবিত একই ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় সুবিতের বাবা ধৌলু রায় সদর থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার প্রায় তিন মাস পর গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সদর থানার ওসি বাবুল আকতার বলেন, ওই চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে।