ভ্যানচালকের গলা কেটে রিকশাভ্যান ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের দেশিবাই গ্রামে গত বুধবার রাতে সাদেক হোসেন (৫০) নামের এক অটোরিকশা-ভ্যানচালকের গলা কেটে রিকশাভ্যানটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সাদেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদেক জলঢাকা পৌর এলাকার ডাকুরডাঙ্গা গ্রামের বাসিন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে জলঢাকা ট্রাফিক মোড়ে অপরিচিত চার ব্যক্তি উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়ায় যাওয়ার জন্য ২০০ টাকায় সাদেকের রিকশাভ্যানটি ভাড়া করেন। পথে কাঁঠালী ইউনিয়নের বসুনিয়া পাড়া এলাকায় রাত সাড়ে নয়টার দিকে ওই চার যাত্রী সাদেককে ভ্যান থামাতে বলেন। এরপর তাঁরা সাদেককে নামিয়ে দিয়ে বলেন, ‘তুমি অপেক্ষা করো, আমরা ঘুরে এসে তোমার ভ্যান ফেরত দিব।’ এ সময় সাদেক চিৎকার করে ভ্যানটির পেছন দিক থেকে টেনে ধরেন। এ অবস্থায় তাঁরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে বাঁ হাতে কোপ মারে ও গলা কেটে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ওই এলাকার মানিক মিয়া নামের এক বাসিন্দা বলেন, গলা ও বাঁ হাত কাটা অবস্থায় সাদেককে মোটরসাইকেলে করে রাত ১০টা ২০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।
জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামছুল হক বলেন, সাদেকের গলায় সেলাই করা সম্ভব হয়নি। তাঁর বাঁ হাতে বেশ কিছু স্থানে সেলাই করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান বলেন, যাত্রীবেশে চার ব্যক্তি সাদেককে কুপিয়ে তাঁর রিকশাভ্যান নিয়ে গেছে। ছিনতাইয়ের উদ্দেশে তা করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। রিকশাভ্যানটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সাদেক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসা নিয়ে পরিবারের সদস্যরা ব্যস্ত থাকায় এখনো মামলা হয়নি।